দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকার নৌ চলাচল আবার শুরু

ঘূর্ণিঝড় মহাসেনের কারণে প্রায় ৪০ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌ-চলাচল আবার শুরু হয়েছে। এদিকে চট্টগ্রাম ও মংলা বন্দরে কন্টেইনার ওঠানামা শুরু হয়েছে। তবে পণ্য খালাস শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। রেল যোগাযোগ ও দক্ষিণাঞ্চলের সঙ্গে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘূর্ণিঝড় মহাসেন আঘাত হানার আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গত বুধবার দুপুর থেকে উপকূলীয় এলাকায় এসব বন্ধ করে দেয়া হয়। গত বৃহস্পতিবার বিকালে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উপকূল অতিক্রমের পর তুলে নেয়া হয়েছে হুঁশিয়ারি সংকেত এবং চালু করা হয়েছে বন্দর, রেল ও নৌ চলাচল। এদিকে ঢাকার সদরঘাটে বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন উপ-পরিচালক সাইফুল হক ইত্তেফাককে জানান, আবহাওয়া অফিসসহ ঘূর্ণিঝড় সংক্রান্ত সব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পর গতকাল বিকাল পৌনে ৬টা থেকে সদরঘাট হতে সব রুটে লঞ্চ চলাচলের ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার পর পরই দক্ষিণাঞ্চলগামী বেশ কয়েকটি লঞ্চ সদরঘাটের পন্টুনে ভিড়েছে, যাত্রীদেরও উঠতে দেখা গেছে। বুধবার দুপুর ২টার পর সদরঘাট থেকে কোন লঞ্চ না ছাড়লেও কয়েকটি লঞ্চ দক্ষিণাঞ্চল থেকে সদরঘাট এসেছে।