কাপ্তাই বিএফআইডিসি আবাসিক ভবনে ফাটল
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:২৬
কাপ্তাইয়ে বিএফআইডিসির পুরাতন আবাসিক ভবনে ফাটল দেখা দিলেও জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেকে। যে কোন মুহূর্তে ভবন ধসে জানমালের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ভবনটি পরীক্ষা করে দেখার জন্য কর্তৃপক্ষ কর্তৃক কাপ্তাই ইউএনও বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে। এছাড়া কাপ্তাই নতুন বাজারসহ উপজেলার বিভিন্নস্থানে বিল্ডিং কোড (বিএনবিসি) না মেনে ভবন তৈরির কারণে ঝুিঁকর মধ্যে বসবাস করছে হাজারো পরিবার।
সংশ্লি¬ষ্ট সূত্রে জানা গেছে, ষাটের দশকে বিএফআইডিসির প্রতিষ্ঠালগ্নে ৪ তলা আবাসিক ভবনটি নির্মাণ করা হয়। বর্তমানে ভবনটির কয়েক স্থানে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। ভবনে বসবাসকারীদের কয়েকজন জানান, বাসস্থানের অভাবে বাধ্য হয়ে তারা ভবনটিতে বসবাস করছে। ভবনটির পাশে রয়েছে বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুপ জানান, ভবনটি ধসে বিদ্যালয়ের উপর পড়ার আশংকায় ভবনের পাশের শ্রেণীকক্ষে পাঠদান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিএফআইডিসি এলপিসির ব্যবস্থাপক মোস্তাক আহাম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনের ফাটল নজরে আসার পর বসবাসকারীদের দ্রুত ভবন ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবনটি পরীক্ষা করে দেখার জন্য কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট পত্র লেখা হয়েছে।
এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অনেক ঝুিঁকপূর্ণ ভবন রয়েছে। এরমধ্যে কাপ্তাই নতুন বাজারে একাধিক বিল্ডিং রয়েছে, যেসব ভবন কোন ভিত্তি ছাড়াই ৩ থেকে ৪ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। সেগুলোতে আবার উপরের তলায় ক্রমশ পাশে বর্ধিত করায় নিচের অংশের চেয়ে উপরের অংশ ভারি হয়ে ঝুঁকির পরিমাণ আরো বেড়ে গেছে। এসব ভবনে ব্যবসা প্রতিষ্ঠানসহ জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে অনেক পরিবার এবং স্কুল-কলেজ পড়ুয়া বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।