সিটি নির্বাচন

বরিশালকে আধুনিক নগরীর রূপ দিতে চান হিরন

‘প্রাচ্যের ভেনিস’ খ্যাত বরিশাল নগরী এক সময় জৌলুস হারিয়ে জরাজীর্ণ রূপ নিয়েছিল। সেই দশা থেকে উত্তরণ ঘটিয়ে বরিশালকে আধুনিক নগরীতে রূপ দিতে গত ৪ বছর ৭ মাস মেয়রের দায়িত্ব পালনকালে নিরলস কাজ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরন। টানা ৩৪ বছর পর নগর ভবনে আওয়ামী লীগের কোনো নেতা দায়িত্ব পাওয়ার পরই আওয়ামী লীগ সরকার গঠন করায় দেশের অবহেলিত বরিশাল নতুন রূপ পেতে শুরু করে। বরাদ্দকৃত টাকায় পরিকল্পিত আধুনিক নগরায়ন ও দর্শনীয় স্থাপনা নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধিতে সদ্য বিদায়ী মেয়রের আমলে প্রায় ৪শ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। পরিপূর্ণ আধুনিক নগরী গড়ে তোলার পথে উন্নয়নের বাকি কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রুতি নিয়েই ভোটারদের কাছে ছুটছেন হিরন ও তার কর্মী-সমর্থকরা, দাবি করছেন তাকে মেয়র হিসেবে পুনরায় নির্বাচিত করার। সিটি কর্পোরেশন সূত্র জানায়, শওকত হোসেন হিরন মেয়র থাকাকালে জাপানের জাইকা প্রকল্পের ১৩৩ কোটি টাকা ও সরকারের দেয়া ২০৮ কোটি টাকায় অধিকাংশ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর বাইরে নিজস্ব তহবিল ও বিভিন্ন প্রাইভেট কোম্পানির আর্থিক সহায়তায় নগরীর সৌন্দর্য্য বর্ধনে কাজ করা হয়েছে। ২০০১ সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে রূপ নেয়া এই নগরীতে সাবেক দুই মেয়রের আমলের কোনোটিতেই ১০০ কোটি টাকার কাজ সম্পন্ন করার নজির নেই। সিটি কর্পোরেশন সূত্র জানায়, জাপানের জাইকা ও বাংলাদেশ সরকারের যৌথ প্রকল্পে ব্যয় ধরা হয় ১৩৩ কোটি ৩৬ লাখ টাকা। ইতিমধ্যেই এ প্রকল্পের ১২০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। সরকার ও জাইকার টাকা সমন্বয় করে সড়ক প্রশস্তকরণ, আধুনিক ফুটপাত নির্মাণ, সড়ক দ্বীপ, ওয়ানওয়ে সড়ক ও সড়কগুলোতে অত্যাধুনিক বাতি লাগিয়ে সৌন্দর্য্য মন্ডিত করা হয়। সরকার ও জাইকা প্রকল্পের বাইরে সিডর ও বন্যা পুনর্বাসন প্রকল্পের অধীন বরাদ্দকৃত প্রায় ৪০ কোটি টাকার মধ্যে শওকত হোসেন হিরনের আমলে অর্ধেক টাকার কাজ সম্পন্ন হয়েছে। বাকি টাকা আগের ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন দিলুর আমলে খরচ করা হয়। শওকত হোসেন হিরনের আমলে মহানগরীর নানান অবকাঠামো নির্মাণ প্রকল্পে বরাদ্দ আসে ২২ কোটি ২৬ লাখ টাকা। এছাড়াও বরিশাল-সিলেট স্যানিটেশন প্রকল্পের অধিন ৭০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকায় দু’টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ চলছে। এছাড়াও পানি সংকট নিরসনে জাইকা প্রকল্প থেকে ২২টি পানির পাম্প ও ৪৫০টি গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি ৪৬ কিলোমিটার এলাকায় নতুন পানির লাইন স্থাপন করা হয়েছে। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের এই নগরীতে সিটি কর্পোরেশনের অধিন সড়ক রয়েছে ৫৯৩ কিলোমিটার। ২০০৮ সাল পর্যন্ত এর সিংহভাগই ছিলো যানবাহন চলাচলের অনুপযোগী। শওকত হোসেন হিরন মেয়র নির্বাচিত হওয়ার পর শুরুতেই সড়ক প্রশস্তকরণের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন। ভূমিদস্যুদের তীব্র বিরোধীতার মুখে তিনি প্রথম দফায় চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য পান। অবৈধ স্থাপনা ভেঙ্গে সড়ক প্রশস্তকরণের জন্য শুরুতেই ড্রেন নির্মাণ করা হয়। নগরীতে এখন বড় সড়কগুলোর বাইরে রাজা রায়বাহাদুর সড়ক ও সাগরদীসহ ছোট কয়েকটি সড়কে রোড ডিভাইডার নির্মাণ করে তার উপর বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে তৈরি করা হয়েছে সবুজ বেষ্টনী। বঙ্গবন্ধু উদ্যান থেকে শুরু করে বরিশাল ক্লাব, আমতলা ও সার্কিট হাউজ পর্যন্ত সড়কের পাশে সবুজ বৃক্ষরাজিতে দেয়া হয়েছে নানান বর্ণিল আলো। সৌন্দর্য বর্ধনে কর্পোরেট হাউজ ইতিপূর্বে যে সড়কের প্রশস্ততা ছিলো ১৮ ফুট তা এখন ৪৬ ফুট প্রশস্ত। চৌমাথা থেকে বটতলা হয়ে সদর রোড পর্যন্ত সড়কটি প্রশস্ত করার পাশাপাশি নগরীর অধিকাংশ সড়কই প্রশস্ত করে ৩৬ ফুট করা হয়েছে। আধুনিক ফুটপাতের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধিতে বিভিন্ন প্রাইভেট কোম্পানির কাছ থেকে আর্থিক সহায়তা নিয়েছে সিটি কর্পোরেশন। শওকত হোসেন হিরন ব্যক্তিগতভাবে যোগাযোগ করে একটি মোবাইল ফোন কোম্পানির আর্থিক সহায়তায় নগরীর প্রাণ কেন্দ্রের বিবির পুকুরকে দৃষ্টি নন্দন করেছেন। শতবর্ষের এ পুকুর সংরক্ষণের পাশাপাশি চারপাশে ওয়াকওয়ে এবং আকর্ষণীয় পানির ফোয়ারা তৈরি করা হয়েছে। পুকুরের পাশেই নির্মাণ করা হয়েছে পাবলিক স্কয়ার। আশপাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিক রূপে ঢেলে সাজানো হয়েছে। সুন্দরবন নেভিগেশনের আর্থিক সহায়তায় রাজা রায়বাহাদুর সড়কের ৫ কিলোমিটার সড়ক দ্বীপে ফুল বাগান তৈরিসহ সৌন্দর্য বর্ধন করা হয়েছে। রূপাতলীতে সুরভী কোম্পানির সৌজন্যে নির্মাণ করা হয়েছে ফোয়ারা। স্কয়ার কোম্পানির সৌজন্যে চৌমাথা পুকুর ঘিরে সৌন্দর্য্য বর্ধনের গৃহীত প্রকল্পের কাজ চলছে। বিনোদন কেন্দ্র সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তায় দেড় কোটি টাকা ব্যয়ে কীর্তনখোলার তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে মুক্তিযোদ্ধা পার্ক। এছাড়াও নগরীর আমানতগঞ্জ এলাকায় শহীদ শুক্কুর গফুর পার্ক ও বিএম স্কুল এলাকায় কাঞ্চন পার্ক নির্মাণ করা হয়েছে। ফুল বাগানের মাঝে আধুনিক ওয়াকওয়ে নির্মাণ করে পার্কে দেয়া হয়েছে বেঞ্চি ও শিশুদের খেলাধুলার সরঞ্জাম। কীর্তনখোলা নদীর লঞ্চঘাট থেকে শুরু করে দপদপিয়া পর্যন্ত বিশাল এলাকা জুড়ে যে শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে তাতে আধুনিক কারুকার্য ও সড়ক বাতি দিয়ে মনোরম পরিবেশ গড়ে তোলা হয়েছে। মুক্তিযোদ্ধা পার্কে এখন বিকাল নামলেই মানুষের ঢল নামে। নগরীর আমতলা এলাকায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে অত্যাধুনিক থিয়েটার হল। সৌন্দর্য রক্ষায় ব্যাতিক্রমী উদ্যোগ নগরীতে অনাকাঙ্ক্ষিত যানবাহনের আনাগোনা ঠেকাতে গভীর রাতে প্রায়ই শওকত হোসেন হিরন নিজে রাস্তায় বেড়িয়ে পড়তেন। বালুভর্তি ট্রাক দেখলেই তার গতি থমকে দেন। এরপর ট্রাক থেকে বালু উড়ে নগরীর পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণ জানতে চান। তাদের ট্রাকের উপর ত্রিপল (ঢেকে রাখার বিশেষ কাপড়) ব্যবহারের নির্দেশ দেয়ার পাশাপাশি নগরীতে কাগজের টুকরোসহ কোনো ময়লা-আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করতেন। নগরবাসীর জন্য মেয়র থাকাকালে মেয়র নাইট, মেয়র নৌকা বাইচ, মেয়র মাহফিল, মেয়র রিক্সাওয়ালা নাইট ও বৈশাখী উত্সবসহ বড় ধরনের সকল অনুষ্ঠানে শওকত হোসেন হিরন উপস্থিত হয়ে নগরবাসীর প্রতি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিনীত অনুরোধ করতেন। টোলঘর স্থাপন বিপুল টাকা ব্যায়ে সংস্কার করা এসব সড়ক রক্ষায় নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত গড়িয়ার পার সিটি গেটে নির্মাণ করা হয়েছে টোলঘর। পণ্য বোঝাই ট্রাক এই নগরীতে ঢুকতে হলে নির্ধারিত টোল দিতে হয়। কালিজিরা ব্রীজ ও দপদপিয়াসহ ৪টি টোলঘর থেকে আদায়কৃত টাকায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করার উদ্যোগ নেন হিরন। একই সঙ্গে কীর্তনখোলা খেয়াঘাটের ইজারা প্রথা বাতিল করে বিনামূল্যে নদী পারাপারের সুযোগ করে সদ্য বিদায়ী এই মেয়র।