ঝিনাইদহে সিতাবের নার্সারিতে হরেক রংয়ের জামরুল

ঝিনাইদহের গাড়াগঞ্জের সিতাব উদ্দিন আল আজাদের অংকুর নার্সারির বাগানে এখন নানা রংয়ের জামরুলের সমারোহ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্ নার্সারিগুলোর মধ্যে অংকুর নার্সারি অন্যতম। ৩০ বিঘা জুড়ে তার নার্সারি বিস্তৃত। এখানে কয়েক লাখ গাছ আছে। দেশি-বিদেশি প্রায় ৪শ’ প্রজাতির গাছ ও চারা আছে এ নার্সারিতে। এর মধ্যে জামরুলের ৪টি প্রজাতি আছে। কোন গাছের জামরুল আপেলের মতো খয়েরি রংয়ের, কোন গাছের জামরুলের রং সবুজ, কোন গাছের ফল টুকটুকে লাল বা সাদা। সাদা আমাদের দেশি জাত। লাল, সবুজ ও আপেল রংয়ের জাতগুলো বিদেশি। সিতাব উদ্দিন আল আজাদ বলেন, তিনি দেশের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন প্রজাতির গাছের চারা সংগ্রহ করে নার্সারিতে এনে লাগান। তার বাগান ঘুরে দেখা যায়, গাছগুলো জামরুলে ভরে গেছে। ফলের ভারে নুইয়ে পড়েছে গাছ। জামরুলের ভারে ডাল ভেঙ্গেও পড়েছে। গাছগুলো দেখতে সুন্দর। আমাদের দেশি জাতের চেয়ে বিদেশি জাতগুলো বেশি ধরেছে। খেতেও সুস্বাদু ও মিষ্টি। নার্সারি তৈরি করে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।