বরিশালে আহসান হাবিব কামাল ১৮ দলের প্রার্থী

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনে শেষ পর্যন্ত নাগরিক সমাজের ব্যানারে বিএনপির কেন্দ্রীয় মত্স্য বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আহসান হাবিব কামালকেই ১৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্মতি দেয়া হয়েছে। বাকি দুই প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারকে নিয়ে গুলশান কার্যালয়ে ১৮ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়া ও ড. খন্দকার মোশাররফ হোসেন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বৈঠক করেন। বৈঠক শেষে আহসান হাবিব কামালের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ নির্বাচন করার নির্দেশ দিয়ে বাকি দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়। তার আগে মনোনয়ন দাখিলকারী ৩ প্রার্থীর লিখিত অঙ্গীকার গ্রহণ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ঐ লিখিত পত্রে ৩ প্রার্থী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত মেনে নেয়ার অঙ্গীকার করেন। দলীয় সূত্র জানায়, আলোচনা চলাকালে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়দুল হক চান প্রার্থী থেকে সরে আসার জন্য জেলা বিএনপির সভাপতির পদ দাবি করেন। তখন কেন্দ্রীয় নেতারা বিষয়টি পরে বিবেচনা করা হবে বলে সকলকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন। বৈঠক সূত্র জানায়, মেয়র নির্বাচনে আন্তরিকভাবে কার্যক্রম কারা পরিচালনা করছেন অথবা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কারা নেপথ্যে ষড়যন্ত্র করছেন তা কেন্দ্র থেকে মনিটরিং করা হবে। তার উপরই নির্ভর করবে নেতাদের আগামীর রাজনীতির ভবিষ্যত্। যদিও গুলশান কার্যালয় থেকে বেরিয়ে আসার পর বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা অস্বীকার করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীন। তিনি ইত্তেফাককে বলেন, মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের আহবানে তিনি গুলশান অফিসে গিয়েছিলেন। সেখানে কি সিদ্ধান্ত হয়েছে তা জানতে চাইলে তিনি মজিবর রহমান সরোয়ারের সাথে যোগাযোগ করতে বলেন। মজিবর রহমান সরোয়ার ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি। অপর প্রার্থী এবায়দুল হক চান গতকাল শুক্রবার দুপুরে মোবাইল ফোনে জানান, তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। চান বলেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন সেখানে সবারই নির্বাচনে অংশগ্রহণের অধিকার রয়েছে। যেহেতু দল সরাসরি নির্বাচন করছে না সেক্ষেত্রে আমি প্রার্থী থাকবো। আমি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হলেও দলে আমার কোনো পদ-পদবী নেই। তাই আমি নির্বাচনে অংশ নিলে আমার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া যাবে না। আহসান হাবিব কামালকে প্রার্থী ঘোষণার সত্যতা স্বীকার করে বৈঠকে উপস্থিত থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন ইত্তেফাককে জানান, রবিবার তাদের সমর্থিত প্রার্থী আহসান হাবিব কামালকে নিয়ে মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে তারা বরিশালে এসে আনুষ্ঠনিক প্রচারণায় নামবেন। আহসান হাবিব কামাল বড় ধরনের শোডাউন করে নগরীতে প্রবেশের আয়োজন করছেন। প্রসঙ্গত সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনসহ মোট ৩টি নির্বাচনে দুইটি নির্বাচনেই প্রার্থী হয়েছিলেন আহসান হাবিব কামাল ও এবায়দুল হক চান। প্রথম নির্বাচনে মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে চান ও কামাল দল থেকে বহিষ্কার হন। পরবর্তীতে তাদের দলে ফিরিয়ে নেয়া হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আবার দুইজনই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তখন আহসান হাবিব কামাল ছিলেন ৩য় অবস্থানে এবং এবায়দুল হক চান ছিলেন ৪র্থ স্থানে। মজিবর রহমান সরোয়ার কারাবন্দী থাকায় তিনি ঐ নির্বাচনে অংশ নিতে পারেননি। ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল মনোনয়নপত্র বাছাইয়ের দ্বিতীয় দিনে সাধারণ কাউন্সিলর পদে ১১ জন এবং সংরক্ষিত আসনের একজন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বাছাই শেষে রাতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. মজিবুর রহমান জানান, দুইদিনে ১১ জন সাধারণ ও একজন সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী আলমতাজ বেগম, ১ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সৈয়দ সাইদুল হাসান, ২ নং ওয়ার্ডের সাইদুল ইসলাম হিরু ও আহছান উল্লাহ, ১৪ নং ওয়ার্ডের শাকিল হোসেন পলাশ, ১৫ নং ওয়ার্ডের সাদিকুল কবীর, ১৭ নং ওয়ার্ডের আব্দুল আজিজ সরদার, ২০ নং ওয়ার্ডের জিয়াউর রহমান বিপ্লব, জাবেদ হোসেন লিপন, ২৩ নং ওয়ার্ডের রেজাউল কবীর রেজবী চৌধুরী, ২৪ নং ওয়ার্ডের সোহেল বিশ্বাস ও ২৯ নং ওয়ার্ডের কবীর হোসেন হাওলাদার। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, ঋণ খেলাপিসহ হলফনামায় ভুল তথ্য দেয়ার অভিযোগে উল্লেখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত ১২ মে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত সিটি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মেয়র পদে ৫ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৯ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৮ জনের ও সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। অপরদিকে বুধবার বাছাইয়ের প্রথম দিনেই ৫ মেয়র প্রার্থীর সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আগামী ২৬ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।