পটুয়াখালীতে ২৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:৩৩
পটুয়াখালী জেলার উপর দিয়ে বৃহস্পতিবার সকালে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এরমধ্যে কলাপাড়া উপজেলার লতাচাপলী এলাকার মোঃ নাঈম (১৩) ঘর চাপা পড়ে ও মাছুয়াখালী গ্রামের দশ মাসের শিশু হাফিজাকে আশ্রয় কেন্দ্রে নেয়ার পথে গাছের ডাল ভেঙ্গে পড়ে নিহত হয়। এছাড়া গলাচিপা পৌর এলাকায় মোসাঃ রিজিয়া বেগম (৪৫) ঘর চাপা পড়ে নিহত হয়েছেন। জেলা প্রশাসন এই তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে জেলার ২৫ হাজার ৭৭৮টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ বিধ্বস্ত ৭ হাজার ৫৪০টি এবং আংশিক বিধ্বস্ত হয়েছে ১৮ হাজার ২৩৮টি ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নের ২ হাজার ৩শ ঘরবাড়ি সম্পূর্ণ ও ৪ হাজার ২শ ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়ে জেলার ৭২টি ইউনিয়নের ৭০ হাজার ৪০৯ জন লোক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাউফল উপজেলার ১৪টি ইউনিয়নের ১৫ হাজার ৫২৭ জন লোক।
এদিকে ঘূর্ণিঝড়ের সময় প্রবল বর্ষণ ও জোয়ারের প্লাবনে জেলার বিভিন্ন এলাকার রবি ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। পানিতে তলিয়ে রয়েছে হাজার হাজার একর জমির বাদাম, তিল, মিষ্টি আলু, ডাল, বোরো বীজতলাসহ বিভিন্ন ফসলের ক্ষেত। তবে এখন পর্যন্ত ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
ভোলার দুর্গম চরাঞ্চলে ত্রাণ পৌঁছেনি
আফসার উদ্দিন বাবুল, ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলায় ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ গতকাল শুক্রবারও খোলা আকাশের নিচে বাস করে। শুক্রবার পর্যন্ত ওইসব অসহায় মানুষ ত্রাণ পায়নি বলে স্থানীয় বিভিন্নসূত্রে খবর পাওয়া গেছে। তবে ঘূর্ণিঝড় মহাসেন আতঙ্কে মানুষ যে পরিমাণ ভীত হয়েছিল সে পরিমাণ ক্ষতি হয়নি বলে এলাকাবাসী আল্লাহ্র কাছে শোকরিয়া আদায় করেছে। অনেক এলাকায় দুর্গত লোকজন কষ্ট করে হলেও সামান্য মাথা গোঁজার ঠাঁই করে নিতে পারলেও বেশিরভাগ মানুষই অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের পর পরই জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান চরফ্যাশন উপজেলায় ৫০ টন চাল, নগদ দুই লাখ টাকা এবং মনপুরা উপজেলায় ৪০ টন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ১০ থেকে ২০ কেজি করে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেয়া হচ্ছে। তবে দুর্গম চরগুলোর অনেকেই ওই ত্রাণ সহায়তা পাচ্ছে না বলে জানা গেছে। এদিকে ঝড়ের দিন বিকালে চর কুকুরিমুকুরি ইউনিয়নের চরপাতিলা গ্রামে গাছ চাপা পড়ে নিহত নিপার (১০) পিতা রফিকুল ইসলামের হাতে নগদ ২৫ হাজার টাকা দিয়েছেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান।
মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকি জানান, মনপুরা উপজেলায় ৬৩১টি ঘর সম্পূর্ণ এবং ৩ হাজার ৬৩৫টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলী ও চর নিজামে ব্যাপক ক্ষতি হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
অপরদিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সঠিক তথ্য তার হাতে পৌঁছেনি। তবে জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী চরফ্যাশনে ৪ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ এবং ১০ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।