কান চলচ্চিত্র উত্সবে ১০ লক্ষাধিক ডলারের রত্নালঙ্কার চুরি
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:৩৩
বিশ্বের চলচ্চিত্র জগতের অন্যতম সেরা কান চলচ্চিত্র উত্সব থেকে ১০ লাখের বেশি ডলারের সমপরিমাণ রত্নালঙ্কার চুরি হয়েছে। উত্সব অনুষ্ঠানের দেশ ফ্রান্সের কান শহরের একটি হোটেল থেকে এই রত্নালঙ্কার চুরি হয়। বুধবার এই উত্সব শুরু হয়। খবর বিবিসি’র।
রত্নালঙ্কারগুলো এমন দিনে চুরি হয় যেদিন ‘ব্লিং রিং’ নামের একটি সিনেমা প্রদর্শন করা হয়। এই সিনেমায় পোশাক এবং জুতাসহ বিভিন্ন জিনিস চুরির একটি দৃশ্য রয়েছে। চলচ্চিত্রটির পরিচালক সোফিয়া কোপোলা। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া রত্নালঙ্কার বার্ষিক চলচ্চিত্র উত্সবে যোগ দিতে আসা তারকাদের জন্য সংরক্ষিত ছিল। কান শহরের নভোটেল হোটেলে সুইজারল্যান্ডের অলঙ্কার কোম্পানি চোপার্ড এর এক কর্মচারির কক্ষ থেকে তা চুরি যায় বলে জানা গেছে। চোপার্ড এই উত্সবের ব্যয় বহনকারীদের মধ্যে অন্যতম।