বিরোধী নেত্রী কিসের জোরে আল্টিমেটাম দিয়েছিলেন?

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে বলেছেন, চক্রান্ত্র ও ষড়যন্ত্র করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। আপনি ক্ষমতায় যাওয়ার জন্য যাদের আহ্বান জানাচ্ছেন তাদের দিয়ে ক্ষমতায় যেতে পারবেন না। কাজেই ষড়যন্ত্রের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। গতকাল শুক্রবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, খালেদা জিয়ার দলের (বিএনপি)এখন কোন অস্তিত্ব নেই। তারা কখনো জামায়াত কখনো হেফাজতের কাঁধে ভর করে চলছেন। তারা মনে করেছিলেন কিছু লোককে বসিয়ে রাখলেই সরকারের পতন ঘটানো যাবে। কিন্তু তিনি দেখলেন তার চক্রান্ত্র ও ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তখন তিনি আলোচনায় রাজি হয়েছেন। সুরঞ্জিত সেন বলেন, প্রধানমন্ত্রী যখন তাকে আলোচনায় আহ্বান জানালেন তখন তিনি আল্টিমেটাম দিলেন। এখন তাকে প্রশ্ন করতে চাই তিনি কেন এবং কিসের জোরে আল্টিমেটাম দিলেন? আমরা যে আলেমদের সম্মান করি, তাদের রাস্তায় নামালেন। তারা সরকারের আলোচনার আহ্বানকে দুর্বলতা মনে করেছিলো। তিনি বলেন, সবকিছুর পরও আমরা আলোচনায় রাজি। আমরা অতীতেও সংলাপের পক্ষে ছিলাম এখনও আছি। এখন বল তাদের কোর্টে। তাদের বলতে হবে তারা সকল চক্রান্ত, ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় রাজি। অবশ্যই সংলাপ হবে এবং তা সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে। সংগঠনের সহসভাপতি লিয়াকত আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য অভিনেতা পীযূষ বন্দোপধ্যায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ?অরুণ সরকার রানা প্রমুখ।