অপরিণামদর্শী সরকার বৃহত্তর জনগোষ্ঠীর তোয়াক্কা করছে না
প্রকাশ : ১৭ মে ২০১৩, ২২:৩৪
ইসলামী আন্দোলন, বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীরসাহেব বলেছেন, দেশের মানুষের একটাই দাবি, নো আওয়ামী লীগ নো বিএনপি। একপক্ষ ক্ষমতা আঁকড়ে ধরতে চায় অপরপক্ষ ক্ষমতা ফিরে পেতে চায়। ৯০ ভাগ মুসলমানের দেশে নাস্তিকদের আস্ফাালন মেনে নেয়া যায় না। সরকার বৃহত্তর জনগোষ্ঠীর দাবির প্রতি তোয়াক্কা না করে গুটিকয় নাস্তিক-মুরতাদ নিয়ে অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে, যা সরকারকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যাবে। অবিলম্বে তিনি সকল নাস্তিক ও তাদের সহযোগী বুদ্ধিজীবীদের অপতত্পরতা বন্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বলেন, অন্যথায় জনস্রোতে সরকারের তখতে তাউস ভেঙ্গে পড়বে।
গতকাল রংপুর জেলা স্কুল মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও রংপুর মহানগর কমিটির উদ্যোগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর শাখার সভাপতি মাওলানা খায়রুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে তিনি বলেন, ক্ষমতার স্বার্থে যদি ১৫ বার সংবিধান সংশোধন করা যায় তাহলে ইসলাম ও কোরআনের স্বার্থে কেন ব্লাসফেমি আইন প্রবর্তন করা যাবে না। অবিলম্বে তিনি ব্লাসফেমি আইন পরিবর্তনের দাবি জানান অন্যথায় সরকার গদিরক্ষা করতে পারবে না। তিনি গণজাগরণ মঞ্চ সরকারের সৃষ্ট দাবি করে বলেন, তাদেরকে জামাই আদর করে রাখা হয়েছে। হেফাজতের ইসলামের সমাবেশে আলেম-ওলামাদের উপর নির্যাতন চালানো হয়েছে এবং তাদেরকে কুরআন শরিফ পোড়ানোর মিথ্যা অভিযোগে হয়রানি করা হয়েছে। তিনি ভিডিও ফুটেজ দেখে ঘটনার নায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। হেফাজতে ইসলামীর মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে সহজ-সরল প্রকৃতির মানুষ উল্লেখ করে তার উপর নির্যাতন অবিলম্বে বন্ধের দাবি জানান। তিনি গণজাগরণ মঞ্চের সাথে জড়িত নাস্তিকদের মৃত্যুদণ্ড আইন করার দাবি জানান। তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নাম উল্লেখ করে বলেন, তিনি কবে কোরআন প্রেমিক হলেন, কবে তওবা করলেন। যে দেশে ৯০ ভাগ মানুষ মুসলমান সেই দেশে আল্লাহ ও রাসূলের নীতি ও আদর্শের বাস্তবায়ন নেই, এটা মুসলমানদের জন্য অত্যন্ত দুঃখের সংবাদ।