চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়েই ফিরে গেছে আড়াই হাজার মানুষ

পাহাড় ধসের আশঙ্কায় চট্টগ্রামের বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরুতেই হোঁচট খেয়েছে। গত বৃহস্পতিবার নগরীর মতিঝর্ণা পাহাড় থেকে প্রায় আড়াই হাজার মানুষকে স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেয় জেলা প্রশাসন। সেখানে কোনোমতে রাত পার করে গতকাল শুক্রবারই নিজেদের বাসাবাড়িতে ফিরে গেছেন তারা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনি বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে লোকজনকে বাসা বাড়ি থেকে সরিয়ে স্কুলে নেয়া হলেও তাদের খাওয়া-দাওয়া এবং অন্যান্য মানবিক সুযোগ-সুবিধা দেখার দায়িত্ব নেয়ার মত কেউ ছিলেন না। সারাদিন অভুক্ত থাকা এই মানুষদের রাত ১০টার দিকে আমি ব্যক্তিগত উদ্যোগে খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করি। শুক্রবার সকালেও তাদের নাস্তা জোটেনি। এছাড়া স্কুলে পর্যাপ্ত টয়লেট নেই। নানা মানবিক সমস্যার কারণে লোকজন সকাল থেকেই নিজেদের বাড়িঘরে ফিরে গেছেন। দুপুরের মধ্যে স্কুলটি প্রায় ফাঁকা হয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ইত্তেফাককে বলেন, লোকজন যদি নিজেদের বিপদ সম্পর্কে সচেতন না হয় তাহলে পাহারা দিয়ে তাদের আর কয়দিন রাখা যাবে। তিনি বলেন, বাড়িতে ফিরে যাওয়া লোকজনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে। এজন্য আজ শনিবার আবার সেখানে জেলা প্রশাসনের টিম যাবে বলে জেলা প্রশাসক জানান।