চট্টগ্রামে জীবনযাত্রা স্বাভাবিক, আশ্রয়কেন্দ্র ছেড়েছে মানুষ

ঘূর্ণিঝড় মহাসেনের বিপদ কেটে যাওয়ার পর চট্টগ্রামের জীবনযাত্রা আবার স্বাভাবিক হয়ে এসেছে। চট্টগ্রাম মহানগরী ও জেলার উপকূলীয় এলাকায় বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে থাকা প্রায় ৩ লাখ মানুষ গতকাল শুক্রবার নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। দুর্যোগের আশংকায় ৪২ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল সকাল ১০টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আবার শুরু হয়েছে। বিমানবন্দর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান যথাসময়ে ছেড়ে গেছে। চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য উঠা-নামা ও সরবরাহের কাজ পুরোদমে শুরু হয়েছে বলে বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে গত বৃহস্পতিবার বন্ধ থাকলেও গতকাল চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলি ইপিজেডে কাজ হয়েছে। ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ায় নগরীর বিভিন্ন মসজিদে গতকাল জুমার নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়।