এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ
প্রকাশ : ১৮ মে ২০১৩, ১৭:৫৪
সৃজনশীলে সময় ব্যবস্থাপনা
মো: কবির হোসেন (সুজন)
প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা খুবই জরুরী। জীবনের চলার পথে সময় ব্যবস্থাপনা পরীক্ষার প্রস্তুতিকল্পে সময় ব্যবস্থাপনা, পরীক্ষা চলাকালে সময় ব্যবস্থাপনা, শ্রেণিকক্ষে পৌঁছানোর ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা, বাসায় নিয়মিত লেখাপড়া করার ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে সময়ের একটি যথার্থ গুরুত্ব থাকে। বর্তমান সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় সময় ব্যবস্থাপনা খুবই জরুরী। কারণ এই সৃজনশীল পদ্ধতিতে শ্রেণিশিক্ষক নির্দিষ্ট একটি সময়ের ভিতর তার নিজস্ব শিক্ষা দক্ষতার আলোকে শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট বিষয় উপস্থাপন করবে। শিক্ষার্থী এই উপস্থাপনের আলোকে উক্ত ঘটনা থেকে কি বুঝতে পেরেছে তা তাদের স্থায়ী শিখন দক্ষতার আলোকে শিক্ষকের সামনে উপস্থাপন করবে আর এই শিখনের আলোকে শিক্ষক শিক্ষার্থীর শিখনের বিচ্যুতি নির্ণয় করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে আর এই প্রক্রিয়া হলো ফলাবর্তন। অর্থাত্ এই পদ্ধতিতে শ্রেণিকক্ষে তিনটি কাজ সম্পূর্ণ হবে। একটি শিক্ষকের শিখন অন্যটি শিক্ষার্থীর শিখন আর শিখনের প্রয়োজনীয় পরামর্শ ফলাবর্তন।
এই শিখনের আলোকে শিক্ষার্থী তাদের শিখনকে আরো বেগমান করার জন্য ক্লাসের বাহিরে যে প্রস্তুতি গ্রহণ করে তা শিক্ষণের আলোকে শিক্ষার্থীর শিখনের প্রকাশ মাত্র। অবশ্য শ্রেণি কক্ষে একটি নির্দিষ্ট সময়ের ভিতর শিক্ষার্থীকে তিনটি কাজ যেহেতু সম্পূর্ণ করতে হয় তাই একজন শিক্ষার্থী যদি শ্রেণিকক্ষে একটু দেরিতে প্রবেশ করে তবে সে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে সবকিছু নাও জানতে পারে, আর শিখন সম্পর্কে ধারণা স্পষ্ট না হলে তাদের শিখনও পুরোপুরি স্থায়ী হবে না।
অবশ্যই শ্রেণিকক্ষে প্রবেশের ক্ষেত্রে সময় এর গুরুত্ব রয়েছে আর শ্রেণিকক্ষের পুরো ক্লাস শেষ না করে বাহির হবার চেষ্টা করলে শিক্ষক শিক্ষার্থীর শিখনফল সম্পর্কে পুরোপুরি অবগত নাও থাকতে পারে। তাই শিখনের সময় সময় ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। আর এই শিক্ষার্থী বাসায় গিয়ে সময় মত শ্রেণিকক্ষের পড়া শেষ না করলে শিখন পদ্ধতির কোন তত্ত্ব তার ভুল হওয়া দুরুহ কিছু নয়। শ্রেণিকক্ষের শিক্ষণের আলোকে তার শিখনকে স্থায়ীরূপে প্রতিস্থাপন করার জন্য সময়ের কাজ সময়ে করা উচিত অর্থাত্ সময় ব্যবস্থাপনা জরুরী। সর্বপরি শিক্ষার মূল উদ্দেশ্য নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করা বা নিজেকে জানা, ঠিক তেমনি সকল অভ্যন্তরীণ পরীক্ষার মূল উদ্দেশ্য হলো চূড়ান্ত পরীক্ষার পূর্ব প্রস্তুতি। সৃজনশীল পদ্ধতিতে প্রতিটা পত্রে দুটো অংশ থাকে। একটি রচনামূলক অন্যটি বহুনির্বাচনি। উভয় পদ্ধতিতে সময়ের দিকটি বিবেচ্য। কারণ রচনামূলক পরীক্ষায় বিভাগ ভেদে বেশির ভাগ পত্রে ৬০ নম্বরের উত্তর লিপিবদ্ধ করতে হয় মোট ৬টি উদ্দীপকে। সেই হিসাবে প্রতিটি উদ্দীপকে ২২ মিনিট করে সময় পাওয়া যায়। এই ২২ মিনিটে আবার ক,খ,গ এবং ঘ অর্থাত্ মোট ৪টি প্রশ্নের উত্তর দিতে হয়। আর ২টি প্রশ্নের উত্তর উদ্দীপক পড়ে বের করতে হয়। হয়তো একবার বা ২ বার বা কয়েকবার পড়তে হতে পারে। আর এই উদ্দীপকের গ ও ঘ নং প্রশ্নের উত্তর জ্ঞানমূলক প্রশ্নকে উদ্দেশ্য করে করা হয় তার মানে জ্ঞানমূলক প্রশ্নের কিছু ম্যাটেরিয়াল উদ্দীপকে থাকে তার আলোকে করা হয় এখান থেকে শিক্ষার্থীরা প্রথমে জ্ঞানমূলক উত্তর পাবে। প্রশ্ন ভেদে উদ্দীপকের গ এবং ঘ নং প্রশ্নের উত্তর ৩টি এবং ৪টি স্তরে লিখতে হয়। আর এই স্তরের উত্তর হঠাত্ করে একজন শিক্ষার্থী বুঝতে বা লিখতে পারে না। তাই তাকে বার বার পদ্ধতির নিয়ম কানুন আয়ত্ব করতে হয় আর এই উত্তরের মধ্যে তাদের নিজস্ব স্বকীয়তা বা নিজস্ব সৃষ্টিও থাকতে হয়। মোট কথা সকল কিছু বিবেচনা করে একটি উদ্দীপকের ৪টি প্রশ্নের উত্তর ২২মিনিটের ভিতর শেষ করতে হবে তাহলে আমরা মোট ৬টি বা ৬০ নম্বরের প্রশ্ন উত্তর শেষ করতে পারব। কিন্তু একটি প্রশ্নের উত্তর এভাবে সময় মেপে মেপে করা সম্ভব হয়ে উঠে না। তাই আমাদের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাশ করলে সঠিক নিয়ম অনুসরণ করলে তাদের লেখার ভিতর সময় ও সৃজনশীলের ব্যাপারে একটা ধারাবাহিকতা চলে আসবে অবশ্য শ্রেণিকক্ষে পুরো সময় মনোযোগ দিয়ে অবস্থান করা এবং অধীক চর্চার মাধ্যমে সে সময়কে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে পারবে। অর্থাত্ সৃজনশীলের লেখার মাধ্যমেও সময় ব্যবস্থাপনা জরুরী। বহুনির্বাচনি ৪০ টি প্রশ্নে মোট ৪০ মিনিট সময় দেওয়া হয় তাদের মধ্যে আবার জ্ঞানমূলক কমবেশি ১৬ টি অনুধাবন মূলক কমবেশি ৮টি প্রয়োগমূলক কমবেশি ৮টি উচ্চতর দক্ষতামূলক কমবেশি ৮টি অর্থাত্ জ্ঞান ও অনুধাবনমূলক প্রতিটি প্রশ্নের উত্তর ১মিনিটের মধ্যে খুব সহজেই করা সম্ভব হলেও প্রয়োগ স্তরে যেহেতু একাধিক উত্তর সঠিক হতে পারে এবং উচ্চস্তর দক্ষতা স্তরের প্রশ্ন রচনামূলক প্রশ্নের ন্যায় উদ্দীপক পড়ে উত্তর বের করতে হয় তাই সেখানে সময় একটু বেশি লাগতে পারে। কিন্তু ৪০ মিনিটে ৪০ টি প্রশ্নের উত্তর দিতেই হবে। তাই এখানেও শ্রেণি কক্ষে এবং শ্রেণিকক্ষের বাহিরে চর্চার একটা বিষয় থাকে অর্থাত্ এখানেও সময় ব্যবস্থাপনা খুবই জরুরী। মোটকথা সৃজনশীল পদ্ধতিকে আমরা যদি একটি সমন্বিত প্রয়াস ধরি তাহলে শ্রেণিকক্ষে এবং শ্রেণিকক্ষের বাহিরে খেলতে খেলতে, ভুল করতে করতে, চর্চা করতে করতে এই পদ্ধতির শিক্ষা মানে এখানে মুখস্ত নির্ভরতা নেই বললেই চলে।
তাই শ্রেণিকক্ষে যেমন সময় মত উপস্থিত হওয়া চাই পুরো সময় মনোযোগ দিয়ে শিখার চেষ্টা করা চাই ঠিক বাসায়ও চর্চা করা চাই আর তার জন্য শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত হওয়া চাই। কারণ এই পদ্ধতি একটা ধারাবাহিক প্রক্রিয়া তাই একদিন ক্লাস না করলে পরের দিন তাকে আগের দিনের পড়া থেকে বিরত থাকতে হয়। তাই আমার পরামর্শ হলো এই সৃজনশীল পদ্ধতিতে সময়কে ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই । সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। প্রতি ক্লাসে উপস্থিত থাকতে হবে। তাই আমরা বলতে পারি সৃজনশীল পদ্ধতিতে সময়কে গুরুত্ব দিলে নতুনত্ব সৃষ্টির চিন্তা জাগ্রত হবে।