গল্প নয় সত্যি

বড় রাস্তা থেকে দূরেই ভালো!

বড় রাস্তার পাশে বাড়ি থাকার সুবিধাই আলাদা। আর তাই রিয়েল এস্টেট কোম্পানির বিজ্ঞাপনেও মূল রাস্তা থেকে বাড়ির দূরত্ব কম হলে সেটা বেশ ফলাও করে প্রচার করা হয়। একইভাবে কোনো এলাকায় বাড়ি ভাড়া নেওয়ার সময়ও ভাড়াটিয়াদের কাছে বাড়তি গুরুত্ব পায় মূল রাস্তা থেকে বাড়িটির দূরত্বের বিষয়টি। তবে মূল রাস্তার কাছাকাছি বাড়ি থাকার যাতায়াতগত কিছু সুবিধা থাকলেও এর উল্টোপিঠে স্বাস্থ্যগত অসুবিধাও কম নয়। এক্ষেত্রে অধিকাংশ মানুষ রাস্তার পাশে অবস্থান করা বাড়িতে শব্দ-দূষণের বিষয়টি নিয়ে মাথা ঘামালেও সম্প্রতি একদল বিজ্ঞানী এরচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকির কথাও উঠিয়ে এনেছেন তাদের গবেষণার মধ্য দিয়ে। আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের হাজারেরও বেশি পূর্ণবয়সী মানুষের উপর গবেষণা চালিয়ে এই বিজ্ঞানীরা দাবি করেছেন বড় রাস্তার পাশে বসবাস করা অধিবাসীদের মধ্যে কিডনির জটিলতা দেখা দেওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি। আলোচিত এই গবেষণার জন্য বিজ্ঞানীরা পাঁচ বছরের একটি লম্বা সময়সীমার মধ্যে যারা নানা ধরনের পক্ষাঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাদের পর্যবেক্ষণ করেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর রোগের চিকিত্সার পাশাপাশি এদের স্বাস্থ্য ও জীবনাচরণ বিষয়ক আরও কিছু তথ্য সংগ্রহ করা হয়। সেই সাথে পরীক্ষা চালানো হয় এই ব্যক্তিদের কিডনির কার্যকারিতা নিয়েও। এতে করে দেখা যায় যে প্রায় এগারশ পূর্ণবয়সী মানুষের মধ্যে যাদের বাসা বড় রাস্তার এক কিলোমিটারের মধ্যে তাদের কিডনি অন্যদের চাইতে তুলনামূলক দুর্বল। হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীদের মধ্যে এদের সংখ্যাই অর্ধেক। অন্যদিকে যারা বড় রাস্তা থেকে এক থেকে দশ কিলোমিটারের মধ্যে তাদের কিডনি তুলনামূলক কম দুর্বল। রোগ সংক্রান্ত তথ্য পর্যালোচনায় এ ধরনের ফলাফল আসার কারণ ব্যাখ্যা করতে যেয়ে এই বিজ্ঞানী তথা গবেষকরা জানান, বড় রাস্তা ধরে প্রতিনিয়ত ছুটে চলা যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গত হয় তা ধমনীতে বিশেষ এক ধরনের প¬াক বা আস্তরণ তৈরি করে। আর এই প¬াকই পক্ষান্তরে কিডনির সঠিক কার্যকারিতার পথে বাধা হয়ে দাঁড়ায়।