পূর্ণিমার ব্যাক টু দ্য প্যাভেলিয়ন

নিজের ব্যাক্তিগত সুখ আর স্বচ্ছন্দ ছাড়া যে খুব বেশিদূর এগোনো যায় না, সেটি দেরিতে হলেও বুঝলেন চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের ক্যারিয়ারের নিভু প্রদীপের আলোয় নানান পরামর্শে স্বামী ফাহাদের কাছ থেকে বিচ্ছেদের পর আবারও নিজের ঘরে ফিরলেন। নিজের অভিনয় ক্যারিয়ারে ‘ছায়া-ছবি’ নামের একটি চলচ্চিত্র করলেও এখন তা রিলিজ হয়নি। ‘টু বি কন্টিনিউড’ নামের একটি চলচ্চিত্রে কাজ করলেও সেই ছবি আদৌ কন্টিনিউ হবে কি না তার কোনো হদিস নেই। দেশীয় চলচ্চিত্রের এক সময়ের আলোচিত এই অভিনেত্রী এখন নিজের সংসার গোছাতেই আবারও চট্টগ্রামে ফিরেছেন। এদিকে স্বামী ফাহাদকে ছেড়ে বিচ্ছেদের ঘটনার পর পূর্ণিমাকে নিয়ে উঠতি নির্মাতাদের ভেতরে নানান রকম স্ক্যান্ডালের বাতাসও ভারি হচ্ছিল ক্রমশ। অবশেষে সেই সব কানকথার পশুদের মুখ বন্ধ করতেই যেন পূর্ণিমার এই ‘ব্যাক টু দ্য প্যাভিলিয়নের’ সিদ্ধান্ত। আগামী পরিকল্পনা নিয়ে পূর্ণিমা বলেন, ‘এবারে বেছে বেছে কিছু ভালো চলচ্চিত্র করতে চাই। নিজেকে খানিকটা গুছিয়ে ভেবেচিন্তে কাজ করব।’ এ ছাড়া সোহানুর রহমান সোহানের ‘লোভে পাপ পাপে মৃত্যু’ নামেরও একটি চলচ্চিত্রে কাজ করছেন তিনি।’ তাই আগামীতে মুক্তি প্রতীক্ষিত এই তিনটি চলচ্চিত্রের ওপরই মূলত নির্ভর করছে পূর্ণিমার আগামী দিনের ক্যারিয়ারের অংক। তবে পারিবারিকভাবে পূর্ণিমার এই ফিরে যাওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।