প্রবৃদ্ধি পুনরুদ্ধারে সৃজনশীল নীতিমালা প্রয়োজন
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২০:৫৮
গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের অর্থনীতি ও উন্নয়ন সংক্রান্ত বাত্সরিক প্রাক-বাজেট প্রকাশনায় বলা হয়েছে, ক্রমহ্রাসমান অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধারে জরুরি ভিত্তিতে রাজস্ব ও মুদ্রানীতিতে পরিবর্তনসহ যথোপযুক্ত সৃজনশীল নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন করা প্রয়োজন। কারণ সরকারি ও বেসরকারি বিনিয়োগের মধ্যে সংহতি এনে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার সম্ভব। আর এ কাজে পরিবর্তনশীল সীমাবদ্ধতার চেয়ে কাঠামোগত সংকটই প্রধান দায়ী। আর এ জন্যই প্রয়োজন নীতিগত পরিবর্তন।
উন্নয়ন অণ্বেষণ মনে করে, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রস্তাবিত সংকোচনমূলক মুদ্রানীতিসহ অন্যান্য সংস্কার কর্মসূচি গ্রহণের ফলে দেশের নীতি নির্ধারণের সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়েছে এবং এই সময়কালে দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে। এতে আগামী দুই বছরও অর্থনৈতিক প্রবৃদ্ধির হার পূর্ববর্তী বছরের তুলনায় কম অর্জিত হবে।
রাজস্ব নীতিতে মৌলিক কাঠামোগত পরিবর্তনের পরামর্শ দিয়ে প্রকাশনায় বলা হয়েছে, ভোগমূলক খাতে (যেমন ভাড়াভিত্তিক বিদ্যুত্ কেন্দ্র) ব্যয় বৃদ্ধির ফলে ঘাটতি তৈরি হয়েছে। তাছাড়া রাজস্ব ব্যয় যে হারে বাড়ছে সে হারে রাজস্ব আয় বাড়েনি। এ অবস্থায় যোগান সংক্রান্ত খাতগুলোর সীমাবদ্ধতা দূর করতে ভৌত ও সামাজিক অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এছাড়া নিট কর, কর জাল, করভার, করফাঁকি এবং কৌশলে কর পরিহারের ক্ষেত্রে কাঠামোগত সংস্কার করা প্রয়োজন।
প্রকাশনায় মুদ্রা ব্যবস্থাপনার ক্ষেত্রে চারটি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে। চ্যালেঞ্জগুলো হলো- উচ্চ মূল্যস্ফীতি, আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান, ঋণের প্রবাহ কমে যাওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তির মন্থর হার। সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়ন সত্ত্বেও ২০১৩ সালের মার্চ মাসে দেশের মূল্যস্ফীতি ৮ শতাংশে দাঁড়িয়েছে। একইভাবে ২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চে অভ্যন্তরীণ ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ৩ শতাংশ। যা ২০১১-১২ অর্থবছরের একই সময়ে ছিল ১২ দশমিক ৮৮ শতাংশ। ব্যাংকিং খাতে অনাদায়ী ঋণ ক্রমবর্ধমান হারে বেড়ে যাওয়া, নিয়ম-নীতি প্রতিপালনের ক্ষেত্রে দায়সারাভাব এবং পুঁজিবাজারে আস্থার অভাবে ধস অব্যাহত থাকার ফলে এই খাতে জটিলতা আরও বেড়েছে।