ঝুম বৃষ্টির রাতে হঠাত্ ঝপাং করে একটা আওয়াজ হলো তারপরেই পাশের কুয়া থেকে বাঁচাও বাঁচাও বলে চিত্কার আসতে থাকল। সে এলাকায় কর্তব্যরত পুলিশ কনস্টেবল দৌড়ে গেল সেখানে এবং প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যথাযথ বীরত্বের সঙ্গে একগোছা দড়ি জোগাড় করে কুয়ার ভেতর ফেলল। বেশ খানিকক্ষণের কসরত শেষে কুয়ার ভেতরের লোকটি দড়ি বেয়ে উঠে আসতে শুরু করল। সে যখন মাত্র মাথাটা কোনোমতে কুয়ার পাঁচিলের ওপর পর্যন্ত তুলতে পেরেছে তখনই কনস্টেবল আবিষ্কার করল যে বেচারা আর কেউ নয় তার থানার ওসি স্বয়ং। কাজেই সে সঙ্গে সঙ্গে দড়ি ছেড়ে দিয়ে খটাশ করে বুট ঠুকে একটি স্যালুট করল...এবং ঝপাং করে আরেকটি শব্দ হলো।