অর্ধশত ভারতীয় বন্দিকে মুক্তি দেবে পাকিস্তান

পাকিস্তানের কারাগারে বন্দি ৫১ জন ভারতীয় মত্স্যজীবীকে মুক্তি দেয়ার কথা ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। পাক তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মির হাজার খান খোসোর দপ্তর থেকে শুক্রবার এক বিবৃতিতে তাদের মুক্তির বিষয়টি জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঐ বিবৃতিতে বলা হয়েছে, মানবিক কারণে তাদের মুক্তি দেয়া হচ্ছে। তবে কবে নাগাদ তাদের মুক্তি দেয়া হবে তা এখনো জানানো হয়নি। পাকিস্তানের কারাগারে শাস্তি ভোগের পরে যেসব ভারতীয় বন্দি সেখানে রয়েছে তাদের মুক্তির বিষয়টিকে বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে পাক সরকার। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের আইনমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে করা এক বৈঠকে প্রধানমন্ত্রী খোসোকে জানানো হয়েছে, পাকিস্তানের কারাগারে ৪৮২ জন ভারতীয় নাগরিক বন্দি রয়েছে। আর ভারতীয় কারাগারে ৪৯৬ জন পাকিস্তানি নাগরিক বন্দি রয়েছে। কারাভোগের পর যাতে কোন বন্দি আটকা না থাকে সে ব্যাপারে আরো কার্যকর পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশও দিয়েছে পাক সরকার। সাধারণ নির্বাচনে জয়লাভের পর নওয়াজ শরীফ ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ঘোষণা দিয়েছিলেন। অনেকেই মনে করছেন পাকিস্তান কারাগারে বন্দিদের মুক্তির মধ্য দিয়ে পাক সরকার সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে।—খবর বর্তমান পত্রিকার।