ইরাকে বোমা হামলায় কমপক্ষে নিহত ৬০

ইরাকে শুক্রবার পৃথক কয়েকটি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। বাগদাদের সুন্নি মুসলিম অধ্যুষিত এলাকায় কয়েক দফা বোমা হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে। ইরাকের শিয়া সমপ্রদায়ের উপর হামলার মাত্র দুইদিন পরে সুন্নিদের উপর এই হামলার ঘটনা ঘটল। গত তিন দিনে দেশটিতে বোমা হামলায় মোট ১২০ জন নিহত হন। কর্মকর্তারা বলছেন, শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে বাকুবায় একটি সুন্নি মুসলিম মসজিদের বাইরে জুমার নামাজের পর দুই দফা বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়। কিছুক্ষণ পর যখন স্থানীয় মানুষেরা উদ্ধার কাজে ব্যস্ত, সেখানে দ্বিতীয় আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এই দুই ঘটনায় অন্তত ৫৬ জন মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। অন্যদিকে, বাগদাদের কাছে মায়দান শহরের বিস্ফোরণটি হয় একটি শব শোভাযাত্রার ওপর। এতে আটজন নিহত হয়। আর আহত হয়েছে ২০ জনেরও বেশি। সন্ধ্যার আগে বাগদাদের কাছে সুন্নি অধ্যুষিত এলাকায় অপর এক বোমা বিস্ফোরণে ১৪ জন মানুষ নিহত হয়েছে।