বন্দর নগরীতে চলচ্চিত্র কর্পোরেশন স্থাপন করুন
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:২৪
একটি উন্নত ও আধুনিক শহর হয়েও কিছু কিছু সুযোগ কেবল ঢাকাতেই সীমাবদ্ধ থাকায় চাইলেও অনেকের পক্ষে বন্দর নগরীতে বসবাস করা হয়ে ওঠে না। এরকম বিষয়গুলোর একটি হচ্ছে চট্টগ্রামে চলচ্চিত্র কর্পোরেশন না থাকা। অথচ ঢাকার এসব সুবিধা চট্টগ্রামেও করা গেলে ঢাকার প্রতি মানুষের নির্ভরশীলতা কমবে। দেশের মানুষের কাছে বন্দর নগরীও এক আকর্ষণীয় ও স্বনির্ভরশীল শহরে পরিণত হবে। স্বাধীনতা পরবর্তী এতগুলো বছর পেরিয়ে গেলেও সে চেষ্টা কখনও করা হয়নি। একারণে সবাই ঢাকামুখী হতে বাধ্য। যারা দেশের দ্বিতীয় বৃহত্তম এ শহরে বাস করেন তাদেরকেও কেবলমাত্র ঐ সমস্ত সুবিধা না থাকায় বাধ্য হয়ে ঢাকায় অবস্থান করতে হয়।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই আজ ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি-চলচ্চিত্রে কত না শীর্ষ পর্যায়ে দেশের ইমপর্টেন্ট পয়েন্ট চট্টগ্রাম এখন মেগাসিটি। তার সাথে যোগ হয়েছে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। তাই বন্দর নগরীতে একটি সুবিধাজনক, দৃষ্টিনন্দন ও সুপরিসর জায়গা নিয়ে তেজগাঁওয়ে অবস্থিত চলচ্চিত্র কর্পোরেশনের ন্যায় স্যুটিং, ডাবিংসহ চলচ্চিত্র নির্মাণের সম্পূর্ণ সুযোগ-সুবিধাসম্পন্ন চলচ্চিত্র কর্পোরেশন স্থাপন করতে সরকারের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
জি.এন.সিদ্দিকী রুমী
ফতুল্লা, নারায়ণগঞ্জ