হবিগঞ্জে যত্নের অভাবে বিনষ্ট হচ্ছে পাম বাগান
মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:২৫
হবিগঞ্জ জেলার পাহাড়িয়া এলাকার মাটি পাম চাষের জন্য উপযুক্ত বলে প্রমাণিত হয়েছে। জেলার বনাঞ্চলে পাম চাষের উজ্জ্বল সম্ভাবনার কথা মাথায় রেখে প্রায় তিন দশক পূর্বে জেলার রঘুনন্দন পাহাড়ের সাতছড়ি এলাকায় সরকারি উদ্যোগে একটি পাম বাগান তৈরি করা হয়। ঐ বাগানে বর্তমানে তিন সহস্রাধিক পূর্ণবয়স্ক পাম গাছ রয়েছে। কিন্তু দীর্ঘদিন যাবত্ উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও যত্নের অভাবে এ বাগান বিনষ্ট হতে চলেছে। পাম বাগান এলাকা বর্তমানে বন্য শূকর ও বানরের নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে পাম গাছ চাষের ব্যাপারে উত্সাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে সৃষ্ট পাম বাগান সংশ্লিষ্টদেরকে উত্সাহিত করছে। সাতছড়ি ফরেস্ট রেঞ্জের একজন কর্মকর্তা জানান, এখানকার পাম বাগানের গাছগুলোর পরিচর্যার কোন ব্যবস্থা নেই। বাগানে নতুনভাবে কোন চারা লাগানো না হলেও বিচ্ছিন্নভাবে বীজ পড়ে বাগানে নতুন কিছু পাম গাছ গজিয়েছে।
প্রায় ৩৪ বছর পূর্বে দেশে ভোজ্য তেল উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে সিলেট, চট্টগ্রাম ও কক্সবাজারে পাম গাছ চাষের প্রকল্প গ্রহণ করা হয়। প্রতিটি এলাকায় ১০ হাজার একর জমিতে পাম গাছ চাষের পরিকল্পনা করা হয়। কারণ একটি তেলের মিলের উত্পাদন নিশ্চিত করতে কমপক্ষে ১০ হাজার একর জমিতে পাম চাষ প্রয়োজন। ২ ফুট ব্যাস ও ২ ফুট গভীর গর্তে প্রতিটি ৩০ ফুট দূরত্বে প্রতি একরে ৫০টি পাম গাছ সাধারণত এপ্রিল-মে মাসে লাগানোর পাঁচ বছরের মধ্যেই ফল আসে। পাম গাছ দেখতে অনেকটা খেজুর গাছের মত। খেজুর গাছের মতই ফল পাকার পর ঈষত্ কালো রং ধারণ করে। ফল প্রক্রিয়াজাত করেই ভোজ্য তেল উত্পাদন করা হয়। সারা বছরই গাছে ফল থাকে। বছরে ৪/৫ বার গাছ পরিষ্কার করতে হয়। পাম গাছ প্রায় ৪০ বছর ফল দিতে সক্ষম। সাতছড়ি এলাকায় অবস্থিত পাম বাগানে বন বিভাগের তত্ত্বাবধানে ১৯৭৯ সালে ১০ একর, ১৯৮১ সালে ১৩৪ একর, ১৯৮২ সালে ৩০ একর এবং ১৯৮৩ সালে ১০০ একরসহ সর্বমোট ২৭৪ একর জমিতে পাম গাছ চাষ করা হয়। মালয়েশিয়া হতে সংগৃহীত বীজ দ্বারা চারা উত্পাদন করে পাম চাষ প্রাথমিকভাবে আশাব্যঞ্জক বলে প্রতীয়মান হয়। কিন্তু পরবর্তীকালে অজ্ঞাত কারণে পাম চাষের জমির পরিমাণ বৃদ্ধি কিংবা পাম অয়েল উত্পাদনের জন্য স্থানীয়ভাবে কোন মিল বা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়নি।