বগুড়া শেরপুর মহাসড়ক দখল করে ধানের হাট
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৩
বগুড়া শেরপুর উপজেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে মহাসড়ক দখল করে ধানের হাট বসানোর কারণে ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হচ্ছে দূরপাল্লার যানবাহনগুলোকে। ফলে এসব যানবাহনের যাত্রী সাধারণ থেকে শুরু করে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময় ছোট-বড় অনেক দুর্ঘটনাও ঘটছে।
বগুড়ার শেরপুর উপজেলার খেজুর তলা (হাসপাতাল রোড) এলাকায় সপ্তাহের সোম ও বৃহস্পতিবার, শেরুয়া বটতলায় শুক্র, রবি ও মঙ্গলবার ও মির্জাপুর নামক স্থানে বুধ ও শনিবার ঢাকা-বগুড়া মহাসড়ক দখল করে এ সমস্ত স্থানে ধানের হাট বসে। হাটের জায়গা অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় হাটের জায়গা সংকট দেখা দিয়েছে। যার কারণে প্রায় দু’যুগ ধরে বগুড়া-ঢাকা মহাসড়কের উপর শেরপুরে ধানের হাট বসে। শেরপুরে হাটের দিন বিপুল পরিমাণ ধান কেনা-বেচা হয়। প্রতি হাটে ধান বেচা-কেনার পর সেখানে শত-শত নসিমন, করিমন, ভ্যান ও ট্রাক লোড- আনলোড করা হয়।
ধান বিক্রয় ও লোডের সময় মহাসড়কের উপর শতাধিক যানবাহন আটকে যায়। যে কারণে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন দীর্ঘসময় ধরে থেমে থাকে। এ প্রসঙ্গে ভুক্তভোগী কোচ চালক সুলতান আহম্মেদ বলেন, হাটের দিন মহাসড়ক জুড়ে হাট বসায় অনেক সময় আটকে থাকতে হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি হয়। হাটের জায়গা দিন দিন অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় হাটের জায়গা সংকট দেখা দিয়েছে। যার ফলে রাস্তার উপরে ধানের হাট বসে।