বিভিন্নস্থানে ঝুঁকিপূর্ণ স্কুল ভবন, লেখাপড়া ব্যাহত
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৪
দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ফাটল দেখা দিয়েছে। কয়েকটি জায়গায় স্কুল-কলেজের ঝুঁকিপূর্ণ কক্ষগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এসব ভবনে কোথাও কোথাও ঝুঁকির মধ্যেই ক্লাস চলছে। আবার অনেক জায়গায় ভবন ফেলে রেখে খোলা আকাশের নিচে স্কুল মাঠে চলছে পাঠদানসহ অন্যান্য কার্যক্রম। ফলে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। দেশের জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভবনের চিত্র নিয়ে ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো রিপোর্ট।
ফরিদপুর
ত্রুটিপূর্ণ নির্মাণ কাজ ও যথাযথ কর্তৃপক্ষের অবহেলার শিকার হয়ে ফরিদপুর সদর উপজেলার পূর্বভাষানচর আমিনউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮১ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকার জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত শ্রেণিকক্ষে পাঠদান চলছে ।
বিদ্যালয়ের একমাত্র ভবনের চারটি কক্ষের প্রায় প্রতিটিরই কংক্রিট, বিম ও পিলারগুলোর পলেস্তারা খসে পড়ছে। বেরিয়ে আছে লোহার মরিচা পড়া রড। তাছাড়া নিম্নমানের বালু ও ইট ব্যবহারের ফলে ভবনটির ছাদের অংশের পলেস্তারা নষ্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্কুলের ছাত্র-ছাত্রীর অভিভাবকরা বারবার বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করলেও তারা এ বিষয়ে কোন কার্যকরী ব্যবস্থা নিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
মুন্সীগঞ্জ
জেলার এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হয়েছে। তবে বিদ্যালয়টির কার্যক্রম ও ক্লাস অন্য ভবনগুলোতে স্বাভাবিকভাবে যথারীতি চলছে। পরিত্যক্তকরণ সংশ্লিষ্ট কমিটি সর্বসম্মতিভাবে একমত হওয়ার পর এই ভবন দুইটি সিলগালা করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সরেজমিনে পরিদর্শন এবং পরীক্ষা-নিরীক্ষার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
১২০ বছরের প্রাচীন এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ভবন সিলগালা করা হলেও অন্যান্য ভবনে যথারীতি বিদ্যালয়ের কার্যক্রম চলছে। সেজন্য বিদ্যালয়টিতে ঝুঁকিহীন প্রবেশের জন্য পশ্চিম পাশ দিয়ে বিকল্প রাস্তা খুলে দেয়া হয়েছে।
গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কালারবাড়ি রেজি. প্রাথমিক বিদ্যালয় ভবনের দেয়ালে অসংখ্য বড় বড় ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদেও ফাটল ধরে প্লাস্টার খুলে পড়ছে। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠদান চলছে। এ ব্যাপারে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষকের পক্ষ থেকে উপজেলা শিক্ষা অফিসারকে বারবার অবহিত করা সত্ত্বেও তারা কোন ব্যবস্থা নেননি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুদ্দিন খান জানান, বর্তমানে বিদ্যালয় ভবনের যে অবস্থা তাতে কোনভাবেই এ ভবনে ছাত্র-ছাত্রীদের পাঠদান ঠিক নয়। অন্য কোন ভবন না থাকায় নিরুপায় হয়ে ছোট ছোট ছেলেমেয়েদের তথা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে।
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসদরে অবস্থিত পাকুন্দিয়া ডিগ্রি কলেজের বিজ্ঞান ভবনে বিম ও ছাদে ফাটল দেখা দিয়েছে। প্রতিদিনই ফাটলের অংশ থেকে পলেস্তারা খসে পড়ছে। ভবনটি মেরামতের উদ্যোগ নিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। অপরদিকে পরিত্যক্তও ঘোষণা করা হচ্ছে না বলে জানান শিক্ষার্থীরা। ওই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে বিজ্ঞান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম। কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন জানান, বিজ্ঞান ভবন ফাটলের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
আক্কেলপুর (জয়পুরহাট)
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাটির তৈরি ভবনের ৪টি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করেছে উপজেলা প্রকৌশলী। উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন ওই ৪টি কক্ষ পরিত্যক্ত ঘোষণা করে সিলগালা করেছে। আক্কেলপুর উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন জানান, বিদ্যালয় পরিদর্শনে ৪টি কক্ষ ঝুঁকিপূর্ণ হওয়ায় ছাত্রীদের ক্লাস বন্ধ করে সিলগালা করা হয়।
ক্ষেতলাল (জয়পুরহাট)
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের তিন কক্ষবিশিষ্ট একাডেমিক ভবনের বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দেয়ায় এবং ভিত নিচের দিকে দেবে যাওয়ায় ওই ভবনে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। তাই খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ফলে বৈরী আবহাওয়ার বর্তমান দিনগুলোতে একদিকে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, অন্যদিকে ভোগান্তির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতির হারও কমতে শুরু করেছে । ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান বলেন, ‘প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে বিশেষজ্ঞ প্রকৌশলীর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবনে পাঠদান বন্ধ রাখতে নির্দেশ দিয়ে ইতিমধ্যে চিঠি দিয়েছি।