আঁধার ঘরে চাঁদের আলো
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৫
শত অভাব-অনটন ও আর দারিদ্র্যকে জয় করে এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের মালা পরেছেন অনেকেই। গৌরীপুরে দারিদ্র্যকে হার মানিয়ে জিপিএ-৫ পেলো দুই সহোদর। নিজের আয়ে লেখাপড়া করেছে রাজিবপুরের মমিনুল ইসলাম। শাহজাদপুরের সবুজ মিয়া স্কুল ছুটি শেষে দিনমজুরি করেও গোল্ডেন জিপিএ পেয়েছে। আর ভাল ফল করে শিবগঞ্জের বিপ্লব জয় করেছে তার পরিবারের কষ্টকে। এসব মেধাবী মুখের খবর তুলে ধরেছেন আমাদের ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
গৌরীপুর (ময়মনসিংহ)
‘ইচ্ছে থাকলে উপায় হয়’ এই প্রবাদ বাক্যকে বাস্তবে রূপ দিয়েছে গৌরীপুর উপজেলার মোবারকপুর গ্রামের দুই সহোদর। কোনো ধরনের প্রাইভেট ও কোচিং ছাড়াই নিজেদের ঐকান্তিক প্রচেষ্টায় জিপিএ-৫ পেয়ে মা-বাবা, এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষকদের মুখে হাসি ফুটিয়েছে মাহমুদুল হাসান নোমান ও ইকবাল হাসান মামুন। শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ থেকে এই দুই সহোদর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তারা উভয়ই বড় হয়ে ডাক্তার হতে চায়। তাদের বাবা মোস্তফা কামাল একজন দরিদ্র বর্গচাষী ও মা নাম নার্গিস পারভীন গৃহিণী।
শাহজাদপুর (সিরাজগঞ্জ)
উপজেলার জয়পুরা গ্রামের হতদরিদ্র সবুজ মিয়া অন্যের জমিতে দিন মজুরের কাজ করেও ঠুটিয়া হাইস্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। বাবা আবু তালেব হতদরিদ্র ও দিনমজুর। মাতা চায়না চরকায় সুতা কাটার কাজ করে কিছু টাকা বেতন পান। এদিয়ে তাদের সংসার চালানো দায় হয়ে পড়লে সবুজ মিয়া অন্যের বাড়িতে কামলার কাজ করে সপ্তাহে ২০০ টাকা আয় করে। অভাবের সংসারে খরচের পর অবশিষ্ট টাকা দিয়ে নিজের পড়া লেখার কাজ চালিয়েছে সে।
যমুনায় ভিটা মাটি হারানো সহায় সম্বলহীন সবুজ মিয়ার পরিবার জয়পুরা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ঝুপড়ি ঘর তুলে কোনমতে বসবাস করে। সবুজ মিয়া জানায় ঘরে খাবার না থাকায় অধিকাংশ দিনই না খেয়ে সে পরীক্ষা দিয়েছে। এখন সে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখলেও অর্থাভাবে তার সে স্বপ্ন ফিকে হয়ে এসেছে। ভর্তি হওয়ার পয়সাও তার কাছে না থাকায় সে চোখে-মুখে অন্ধকার দেখছে। এ ব্যাপারে হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সবুজ মিয়া। এ কথা বলেই সে কান্নায় ভেঙ্গে পড়ে।
শিবগঞ্জ ( চাঁপাইনবাবগঞ্জ)
শত প্রতিকূলতার মধ্যে দিয়ে অদম্য মেধাবী উপজেলার ডাকাতপাড়া ঘুঘুডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বিপ্লব হরিমোহন উচ্চবিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে তার এলাকায় বিপ্লব ঘটিয়েছে। বিপ্লব জয় করেছে তাদের পরিবারের কষ্টকে। গত আড়াই বছর আগে স্ত্রী, দুই মেয়ে ও একমাত্র ছেলে মনিরুলকে রেখে তার পিতা মারা যায়। এতিম মনিরুলকে তার বিধবা মাতা হাঁস-মুরগি পালন করে ও মাত্র ১ বিঘা জমির ফসল থেকে লেখাপড়ার খরচ চালিয়েছে। বর্তমানে সে ডাক্তার হতে চাইলেও অর্থাভাবে লেখাপড়া করা হবে কি না এ ব্যাপারে সংশয় দেখা দিয়েছে।