পাচারকালে কলারোয়ায় স্কুল ছাত্রী উদ্ধার, আটক তিন
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৫
বিজিবি সদস্যরা ভারতে পাচারকালে ৫ম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে এক মহিলাসহ তিন পাচারকারীকে। শুক্রবার সাতক্ষীরা কলারোয়া সীমান্তের কাঁদপুর গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়। সে যশোর জেলার বড় মেঘলা গ্রামের ইউনুছ আলীর মেয়ে। আটককৃত পাচারকারীরা হলো খুলনা জেলা সদরের নতুন বাজার লঞ্চঘাট এলাকার শহিদুল ইসলামের মেয়ে রুমানা খাতুন (২২), একই জেলার ডালখোলা গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে ইনামুল ইসলাম (২৭) ও সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাজ্জাত হোসেন (২৬)।
পাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মেয়েটি জানায়, সে তার এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি সঙ্গীত চর্চা করে। গত বৈশাখের এক অনুষ্ঠানে পাচারকারীদের সাথে তার পরিচয় হয়। এক পর্যায়ে তাকে মোটা অংকের টাকায় এক অনুষ্ঠানে গান করার কথা বলে বৃহস্পতিবার জুম্মার নামাজের পর তাকে কলারোয়া সদরে নিয়ে আসে। পরে তাকে একটি মোটর সাইকেলে করে বেড়ানোর কথা বলে কলারোয়া সীমান্তে নিয়ে যায়। কলারোয়ার চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল মান্নান জানান, গ্রামবাসীরা সন্দেহজনকভাবে ক্যাম্পে খবর দেয় যে, ভারতে ২ নারী পাচার হয়ে যাচ্ছে। এমন খবরের ভিত্তিতে টহলরত হাবিলদার আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রামবাসীদের সহয়তায় তাদেরকে আটক করে।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটলিয়নের অপারেশ অফিসার মেজর আনারুল মাজাহার ঘটনাটি নিশ্চিত করেন বলেন আটককৃতদের চলাফেরা সন্দেহ হলে গ্রামবাসীরা তাদেরকে আটক করে। পরে তারেকে চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পে নেয়া হয়। এ ঘটনায় চান্দুড়িয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার শাহ আলম বাদী হয়ে কলারোয়া থানায় একটি পাচার মামলা দায়ের করেছেন।