ঠিকাদারের গাফিলতি
নেত্রকোনায় সড়ক সংস্কার না করায় বরাদ্দ বাতিল
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৭
নেত্রকোনা-পূর্বধলা সড়কটি এখন জনসাধারণসহ যানবাহন চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে। বছরের পর বছর ধরে এই সড়কটি সংস্কারের জন্য বার বার কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোন কাজ হয়নি। এমনকি এই এলাকার দু’জন সংসদ সদস্য বারবার চেষ্টা করেছেন সড়কটি সংস্কারের জন্য কিন্তু কর্তৃপক্ষের কোন তত্পরতা নেই। বার বার বলা হচ্ছে সড়কটি সংস্কার হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সড়কটি সংস্কারের জন্য প্রথমে প্রায় ১৮ কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু ঠিকাদার এবং সড়ক ও জনপথ বিভাগের চরম গাফিলতির কারণে সড়কটি যথাসময়ে নির্মাণ না করায় গত বছর প্রকল্প বাতিল করে টাকার বরাদ্দও বাতিল করা হয়। তখন জনগণ পড়ে আরো দুর্ভোগের মধ্যে। এরপর আবার সড়কটি সংস্কারের জন্য নেত্রকোনার এমপি আশরাফ আলী খান খসরু এবং পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল চেষ্টা তদবির করতে থাকেন। পরে টাকার বরাদ্দ কমিয়ে এবার ১৪ কোটি টাকা বরাদ্দ করা হয় বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। কিন্তু প্রায় এক মাস হতে চললো সড়ক সংস্কারের ওয়ার্ক অর্ডার সই হচ্ছে না বলে জানা গেছে।