বটিয়াঘাটায় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২১:৫৮
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তিল, ডাল, তরমুজ ও সবজি ক্ষেতে পানি জমে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা কৃষি দপ্তরসূত্রে জানা গেছে, চলতি মওসুমে ৮ হাজার ৪৫০ হেক্টর জমিতে তিল, ৫৫ হেক্টরে তরমুজ, ১ হাজার ৪০ হেক্টর জমিতে ডাল চাষ হয়। তাছাড়া ৬৪০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। দুর্যোগ ও প্রবল বৃষ্টিপাতে ক্ষেতে পানি জমে ৫শ’ হেক্টর জমির তিল, ৩০ হেক্টর জমির তরমুজ, শতাধিক হেক্টর জমির ডাল এবং ২২৫ হেক্টর জমির সবজি পচে গেছে। এছাড়া ৭০ হেক্টর জমির সূর্যমুখীর মধ্যে ২০ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। আর মাত্র ১৫ দিন পরেই অনেক চাষি তিল ঘরে তুলতে পারত। কিন্তু প্রকৃতি বিমুখ হওয়ায় বহু চাষির মাথায় হাত উঠেছে।