সংসদে উঁকি দিয়ে চলে যাবেন না, প্রস্তাব দিন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, সদস্য পদ টিকিয়ে রাখতে তারা সংসদে আসছেন। তবে তাদের বলব, কেবলমাত্র সদস্যপদ রক্ষা করতে নয়, প্রস্তাব ও দাবি নিয়ে আলোচনা করতেই সংসদে আসুন। সংসদে এসে উঁকি দিয়ে চলে যাবেন না। সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করুন। গতকাল শনিবার গণভবনে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পত্রিকায় দেখলাম, আর ৭ দিন সংসদে না এলে তাদের (বিরোধীদল) সদস্যপদ চলে যাবে। ৯০ দিনের মধ্যে ৮৩ দিনই তারা অনুপস্থিত। তাদের অনুরোধ করব, সামনে বাজেট অধিবেশন। সেখানে এসে আলোচনা করুন। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সংসদে দীর্ঘ অনুপস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওনার একটি স্টাইল আছে। সংসদে একদিনের জন্য আসেন। ফ্লোর নিয়ে এক-দেড় ঘন্টা বক্তৃতা দিয়ে চলে যান। এবার এটা যেন না হয়। আমরা চাই তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আসুন। আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষ শান্তি চায়, তারা অশান্তি চায় না। তারা যেন শান্তিতে থাকে -সেটাই আমরা দেখব। কাজেই মানুষ হত্যা, ধ্বংসযজ্ঞ ও জ্বালাও-পোড়াও বন্ধ করতে হবে। নইলে এগুলো কীভাবে কঠোরভাবে দমন করতে হয় -সেটি আমাদের জানা আছে। বিশৃঙ্খলা দমন করে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহাজোট সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, এখনো বলছি, বিশ্বের সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে যেভাবে নির্বাচন হয়, এদেশেও আগামী নির্বাচন সেভাবেই হবে। সেখানে (সংবিধান অনুযায়ী নির্বাচন পদ্ধতি) কিছু বলার থাকলে উনি (খালেদা) সংসদে এসে বলতে পারেন। আমরা বিবেচনা করব। কিন্তু দেশের কষ্টার্জিত গণতন্ত্র এবং জনগণের ভাগ্য ও ভোটের অধিকার নিয়ে আমরা কাউকেই ছিনিমিনি খেলতে দেব না। বিরোধী দলীয় নেতার ৪৮ ঘন্টার আলটিমেটাম প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উনি আলটিমেটাম দিয়ে বললেন, আমি নাকি পালাবারও পথ খুঁজে পাবো না। এখন পালানোর পথ কে খুঁজে পাচ্ছেন না -সেটাই আমার প্রশ্ন। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, আমি ডাকলাম আলোচনায়, আর উনি দিলেন ৪৮ ঘন্টার থ্রেট (হুমকি)। মাদ্রাসার ছোট ছোট বাচ্চা ছেলেদের এনে বসিয়ে দিলেন। তারপর হেফাজেতের পাশে থাকার জন্য ঢাকাবাসীকে ডাকও দিলেন। ওনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি তো ঢাকার লোকদের ডাক দিলেন। কয়জন আপনার ডাকে এসেছে? কেউ তো আসেনি! তিনি বলেন, আজ দেশের মানুষের পেটে যে দুটো ভাত যাচ্ছে, সেটাও ওনার (খালেদা) পছন্দ হচ্ছে না। যেন উনি একাই খাবেন, আর কেউ খাবে না! একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুত্ কেন্দ্র পুড়িয়ে দেয়ারও নিন্দা জানান শেখ হাসিনা। এ সময় তিনি পঁচাত্তর-পরবর্তী সামরিক সরকারের কথা তুলে ধরে বলেন, তখন ভোটারদের ভোট দিতে দেয়া হতো না। প্রচার মাধ্যমে ঘোষণা দিয়ে ফলাফল পাল্টে দেয়া হতো। দেশের প্রাকৃতিক সম্পদ গ্যাস বিক্রি করতে রাজি না হওয়ায় অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, ২০০১ এর নির্বাচনের নামে কী হলো? আর্মি ডেপ্লয় করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অকথ্য নির্যাতন করা হল। আওয়ামী লীগের এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে দেয়া হয়নি। ওই নির্বাচনের পর আওয়ামী লীগ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরে শেখ হাসিনা বলেন, এবার আমরা ক্ষমতায় এসে প্রতিশোধ নিতে যাইনি। তার ফল এখন পাওয়া যাচ্ছে। দলকে শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্দোলনের নামে বিরোধী দলের নৈরাজ্য, সন্ত্রাস ও তাণ্ডবের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্য যে বিরোধীদল বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, রেললাইনে আগুন দিচ্ছে, রেলের বগি জ্বালিয়ে দিচ্ছে। কোন মুসলমান এভাবে আরেকজনকে হত্যা করতে পারে? গাছ কাটা, বাস পোড়ানো, রেলে আগুন দেয়া এভাবে বেছে বেছে জনগণের সম্পদের ওপরই যেন হামলা চালাচ্ছে। তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি প্রশ্ন রেখে বলেন, উনার উদ্দেশ্যটা কী ছিল? আমরা গাছ লাগাই। উনি কেটে সব সাফ করে দিলেন। প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর তার সভাপতিত্বে নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনউদ্দিন মণ্ডল। এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি ও বিদ্যুত্ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হকসহ উপজেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা বক্তৃতা করেন। বৈঠক পরিচালনা করেন দলের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বৈঠকে কেন্দ্রীয় নেতাদের মধ্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, সতীশ চন্দ্র রায়, নূহ-উল-আলম লেনিন, উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ প্রমুখ।