তত্ত্বাবধায়ক ছাড়া ১৮ দল নির্বাচনে যাবে না
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২২
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, জনগণের মতামতকে অগ্রাহ্য করে যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চাচ্ছে তা গ্রহণযোগ্য হবে না। জনগণের দাবি মেনে নিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ পদ্ধতি ছাড়া ১৮ দল নির্বাচনে যাবে না। হোমনায় তার বাসভবন চত্বরে গতকাল শনিবার বিএনপি আয়োজিত এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী সকালে এক কথা বলেন তো বিকালে আরেক কথা বলেন। প্রধানমন্ত্রী বিএনপির সাথে যে কোন জায়গায় আলোচনার কথা বলেছেন। কিন্তু তিনি এখন আলোচনা চান না। এতে প্রমাণ হয় সরকার যে কোন উপায়ে ক্ষমতায় থেকে যেতে চায়। তিনি আরো বলেন, সংকটের সমাধান চাইলে সংলাপের মাধ্যমে নিরপেক্ষ পদ্ধতি মেনে নিতে হবে।
সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি মাজেদুল ইসলাম জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা ছানাউল্লাহ সরকার, মিজানুর রহমান, হানিফ মিয়া, শেফালী বেগম, আতাউল্লাহ প্রমুখ।