রাজধানীতে ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধে ব্যবসায়ী খুন

রাজধানীর কদমতলীতে ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরে খুন হয়েছেন ব্যবসায়ী মফিজুর রহমান সবুজ (৩৫)। মা খালার সামনেই দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে দক্ষিণ ধনিয়া পাটেরবাগ পানির পাম্পের সামনে। তবে পরিবারের অভিযোগ, মাদক ব্যবসার প্রতিবাদ ও চাঁদা না দেয়ার কারণে সন্ত্রাসীরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম বলেন, অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে গত তিনদিন আগে কদমতলী থানা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম মুন ও সাধারণ সম্পাদক ফালান গ্রুপের মধ্যে মারামারি হয়। এতে মুন গ্রুপের লোকজন আহত হয়। এ ঘটনায় মুন গ্রুপের পক্ষ থেকে কদমতলী থানায় মামলা দায়ের করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল দুপুরে মুন গ্রুপ ফালান গ্রুপের সবুজকে একা পেয়ে মারধর করে। এতে সে গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকারীদের ধরতে বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি। নিহতের খালা আমেনা বেগম বলেন, গতকাল দুপুর ১টার দিকে স্থানীয় ছাত্রলীগের শওকত, মামুন, ধলা মনা, পাগলা বাবু, কানা বাবুসহ ১০/১২ জন সবুজকে বাসা থেকে ডেকে পাটেরবাগ ইটালী মার্কেট সংলগ্ন পানির পাম্পের সামনে নিয়ে বেধরক মারধর শুরু করে। খবর পেয়ে তিনি ও তার বোন ( সবুজের মা) সেখানে ছুটে যান। তারা তাদের হাতে পায়ে ধরে সবুজকে ছেড়ে দেয়ার অনুরোধ জানান। কিন্তু তারা তাদের কোন কথা শোনেনি। তাদের সামনেই তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে রক্তাক্ত অবস্থায় সবুজকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক বিকাল সোয়া ৩টায় সবুজকে মৃত ঘোষণা করেন। নিহতের ছোট ভাই সুজন বলেন, হামলাকারীরা স্থানীয় মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে তারা সবুজের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ার কারণে তারা তাকে খুন করেছে। নিহত মফিজুর রহমান সবুজের স্ত্রী শান্তাও একই অভিযোগ করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের বাসার সামনে অনেক দিন ধরেই মাদক ব্যবসা করে আসছিল। এতে তার স্বামী বাধা দেন। এ কারণে তারা তার স্বামীকে পূর্বপরিকল্পিতভাবে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। মফিজুর রহমান সবুজ ইট -বালু ও গ্রীলের ব্যবসা করতেন। চার বছর আগে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। পিতা হাজী আলী আহমেদ খান। বাসা ১৫৭৮ নম্বর দক্ষিণ ধনিয়া পাটেরবাগ। চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন মেঝ। তার একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে।