তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা যাচাইয়ে গণভোট দিন
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৩
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান তত্ত্বাবধায়ক সরকারের গ্রহণযোগ্যতা যাচাই করতে গণভোট দেয়ার দাবি জানিয়ে বলেছেন, দেশের ৯০ শতাংশ জনগণ তত্ত্বাবধায়ক সরকার চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনই বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের একমাত্র উপায় বলে তিনি অভিমত দেন।
মোরশেদ খান বলেন, সংলাপের ব্যাপারে গত সপ্তাহে সরকারের যে আগ্রহ ছিল. এখন তা অনেকটাই ঝিমিয়ে গেছে। মানুষ ভেবেছিল সংলাপ হবে, দেশে সংঘর্ষের রাজনীতির অবসান ঘটবে; কিন্তু মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। প্রধানমন্ত্রী আগে বলেছিলেন সংসদের ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় আলোচনা হতে পারে; কিন্তু এখন তিনি সংলাপের জন্য সংসদকেই উপযুক্ত স্থান বলে মনে করছেন। বিএনপি শুধু সদস্যপদ টিকিয়ে রাখার জন্য সংসদের আগামী অধিবেশনে যোগ দিচ্ছে কি-না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি সবসময় সংসদে গিয়েছে; কিন্তু সংসদে তাদের কথা বলতে দেয়া হয় না। কথা বলতে গেলেই টুটি চেপে ধরা হয়। বিএনপি সরকার উত্খাতের ষড়যন্ত্র করছে এমন অভিযোগের জবাবে মোরশেদ খান বলেন, সরকারের সাথে সংলাপের আহ্বান বিএনপিই প্রথম জানিয়েছিল। সরকার উত্খাতের ষড়যন্ত্র করলে সংলাপের আহ্বান জানানোর প্রয়োজন ছিল না। তিনি বলেন, বিভিন্ন বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা সংলাপের মাধ্যমে চলমান সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছেন। সংলাপের জন্য বিএনপির দরজা সবসময় খোলা বলে মোরশেদ খান উল্লেখ করেন।
গতকাল শনিবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে অন্যতম প্যানেল আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আনম মুনির আহমেদ চৌধুরী ও বাংলাদেশ মহিলা পরিষদের চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি নূরজাহান বেগম। মডারেটরের দায়িত্ব পালন করেন আকবর হোসেন।
অনুষ্ঠানে ড. হাসান মাহমুদ বলেন, বিএনপিকে সংলাপের জন্য চিঠি দেয়ার ব্যাপারে আওয়ামী লীগের দলীয় ফোরামে কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে বিভিন্ন মিডিয়ায় ভুল সংবাদ পরিবেশিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সংলাপের জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম; কিন্তু তারা (বিরোধী দল) ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল করে তুলেছে। হাসান মাহমুদ বলেন, সংলাপের ব্যাপারে সরকার পিছিয়ে যায়নি। বিএনপি সংসদের পরবর্তী অধিবেশনে যাবে বলে কথা দিয়েছে। আশা করছি, সেখানেই তারা তাদের সদিচ্ছার প্রমাণ রাখবেন।