ডুবে যাওয়া পন্টুন ৪ দিনেও উদ্ধার হয়নি

ঘূর্ণিঝড় ‘মহাসেন’র আঘাতে পিরোজপুরের কাউখালীর আমরাজুড়ী ফেরিঘাটের ডুবে যাওয়া পন্টুনটি গত চারদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এই ঘাট দিয়ে যানবাহন পারাপারে মারাত্মক সমস্যা হচ্ছে। ফেরিঘাটের দু’পাড়ে আটকা পড়েছে পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী-বরিশাল সড়কে চলাচলকারী শত শত যানবাহন। এতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। গতকাল শনিবার স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ ঢিলেঢালা ভাবে পন্টুনটি উদ্ধারে কাজ শুরু করলেও কবে নাগাদ ঘাটটি চালু করা যাবে তা নিশ্চিত করে বলতে পারে নি। গত বুধবার ঘূর্ণিঝড়ের আঘাতে সন্ধ্যা নদীর গাবখান চ্যানেলের মোহনায় অবস্থিত এই ফেরিঘাটের একটি পন্টুন নদীতে ডুবে যায় ও গ্যংওয়েটি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার দুপুরে আমরাজুড়ী ফেরিঘাটে গিয়ে দেখা গেছে, পন্টুনটি প্রায় ৩০ হাত পানির নিচে ডুবে আছে। পিরোজপুর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত থেকে স্থানীয় ডুবরি দল দিয়ে পন্টুনটি উদ্বারের চেষ্টা করছেন। বর্তমানে জনগুরুত্বপূর্ণ এই রুটে মাত্র একটি ফেরি দিয়ে যানবাহন পারাপার হওয়ায় যাত্রীদের দুর্ভোগ বাড়ছে। এ ব্যাপারে বরিশাল সড়ক ও জনপদের ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল হক বলেন, ‘মহাসেন’ এর আঘাতে ও জলোচ্ছ্বাসে ডুবে যাওয়া পন্টুনটি উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। দু-এক দিনের মধ্যে পন্টুনটি উদ্ধার করে ফেরিঘাটটি সচল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।