জিএসপি বহাল রাখতে পোশাক কর্মীদের সংগঠন করার অধিকার চাই

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকার বাণিজ্য সুবিধা বা জিএসপি বহাল রাখতে বাংলাদেশের পোশাক কারখানার শ্রমিকদের সংগঠন করার অধিকার দেয়ার ওপর আবারো জোর দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা। এছাড়া আলোচ্য সুবিধা পেতে শ্রমিকদের কর্মস্থল নিরাপদ রাখার কথাও বলেন তিনি। মজীনা বলেন, শ্রমিকদের অবশ্যই সংগঠনের অধিকার থাকতে হবে। শ্রমিকদের সংগঠনের অধিকার না থাকলে তারা সোচ্চার হতে পারবে না। গতকাল শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে ‘পোশাক শ্রমিকদের নিরাপদ কর্ম পরিবেশ: অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক গণশুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এই গণশুনানির আয়োজন করে। গণশুনানিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক, মালিক, ক্রেতা প্রতিনিধিরা অংশ নেন। সাভারের রানা প্লাজা ধসের বিষয়টি টেনে মজীনা বলেন, শ্রমিকদের সংগঠন থাকলে এ ঘটনা ঘটতো না। তাদেরকে জোর করে কাজে পাঠানো হয়েছিলো, সংগঠন থাকলে এটা সম্ভব হতো না। তার মতে, সংগঠিত হতে না পারলে ভয়ে থাকবে। আর ভয়ে থাকলে তাদের সমস্যার সমাধান করা যাবে না। এছাড়া সংগঠনের অধিকারের পাশাপাশি কারখানার অগ্নি নিরাপত্তা আর অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেন, কারখানার সনদ দেয়ার জন্য সরকার-ক্রেতা-মালিকদের সমন্বয়ে একটি উপায় বের করতে হবে। আর এই প্রক্রিয়া হতে হবে স্বতন্ত্র ও স্বাধীন। এ সনদ না থাকলে রপ্তানির লাইসেন্স দেয়া হবে না-এমন নিয়ম চালু করার কথাও বলেন তিনি। তৈরি পোশাক কারাখানার পরিবেশ ও শ্রমিকদের অবস্থার উন্নতি হলে জিএসপি সুবিধা অব্যাহত থাকবে কিনা-সংসদীয় কমিটির সভাপতি মো. ইসরাফিল আলমের এমন প্রশ্নের জবাবে মজীনা বলেন, যে সময় জিএসপি নিয়ে শুনানি চলছে ঠিক সেই সময় তাজরীন ও রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছে। ২০০৭ সালেও বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠেছিলো। এখন বাংলাদেশকেই বোঝাতে হবে যে, তারা কর্ম পরিবেশ ভালো করার উদ্যোগ নিচ্ছে। গণশুনানিতে পোশাক শিল্প মালিকদের দুইটি সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ পোশাক শিল্প শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সরকার, বিদেশী ক্রেতা বেসরকারি সংস্থাগুলোকে নজর দেয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন। ওই দুই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এক্ষেত্রে মালিকদের দায়িত্ব থাকলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় কর্মক্ষেত্রের পরিবেশ নিশ্চিত করা হবে। কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলম গণশুনানি অনুষ্ঠানের সভাপতিত্ব এবং অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন। কমিটির সদস্য ননী গোপাল মন্ডল ও রওশন জাহান সাথী এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মুহাঃ ইমাজউদ্দিন প্রাং বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া গণশুনানিতে অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউরোপীয় ইউনিয়ন, ইউকে এবং কানাডার দূতাবাসসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। গণশুনানিতে অংশ নেয়া বেসরকারি খাতের প্রতিনিধিরা পোশাক শিল্পের শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক করার উপর গুরুত্বারোপ করেন। তারা পোশাক শিল্পের মেশিন বসানোর উপযোগী ভবন নির্মাণ, ভবন থেকে সহজেই বের হওয়ার জন্য একাধিক পথ রাখা, শ্রমিকদের বের হওয়া পথে কোন শো-রুম না রাখা বা চলার পথে প্রতিবন্ধক কোন মালামাল না রাখা, ভবনের উঠানামার সিঁড়িতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করার ব্যবস্থা থাকা, ভবনের উপরের তলায় কোনক্রমেই জেনারেটর স্থাপন না করা, ভবনে সহজেই ফায়ার সার্ভিস ও অন্যান্য উদ্ধারকারী যান পৌঁছার মতো রাস্তা রাখা, ভবন ধূমপান মুক্ত রাখা, ভবনে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা বাধ্যতামূলক করা, চারতলার উপরে বহুতল ভবনে শ্রমিকদের ওঠার জন্য কর্মকর্তাদের মতো শ্রমিকদের লিফটের ব্যবস্থা রাখার পরামর্শ দেন।