এনায়েতপুরে যমুনা নদীতে ব্যাপক ভাঙন
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৪
পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় ভয়ংকর রূপ ধারণ করেছে যমুনা নদী। হারিয়ে যাচ্ছে চাঁদপুর থেকে দক্ষিণে বাইখোলা পর্যন্ত সাত কিলোমিটার এলাকা। ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবার এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। বিলীন হবার পথে সাড়ে ১৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্পার বাঁধ। হুমকির মুখে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল ও সদ্য নির্মিত বিশ্ববিদ্যালয়, তার মাজারসহ অসংখ্য ঘরবাড়ি এবং হাজারো তাঁত কারখানা। পরিবেশ মন্ত্রণালয়ের জলবায়ু পরিবর্তন প্রকল্পের আওতায় ৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও জিও না পাওয়ায় প্রতিরোধমূলক কাজ জরুরি ভিত্তিতে শুরু করতে পারছে না স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
সরেজমিনে জানা যায়, গত দুই সপ্তাহ ধরে নদীতে পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী চাঁদপুর, বেতিল, এনায়েতপুর চর, আড়কান্দি, ঘাটাবাড়ি, বাইখোলা এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন। আট মাস আগে এসব এলাকার বিনদহ, গাবেরপাড়া, তেবাড়িয়া, কোচগ্রাম, ধুলিয়াবাড়ি, মাজগ্রাম পুরোটা মানচিত্র থেকে হারিয়ে গেছে।
বেতিল চর গ্রামে আশ্রয় নেয়া রহিম বাদশা, সাহাদত্ হোসেন, আমজাদ সরকার বলেন, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। এদিকে খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ দেড় কোটি টাকা ব্যয়ে স্ব উদ্যোগে বালু ভর্তি ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছেন।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বলেন, নদীর পূর্ব পাড়ে সুবিশাল চর জেগে ওঠায় পশ্চিম পাড়ে স্রোত আঘাত হানাই ভাঙ্গন শুরুর প্রধান কারণ।