খালেকের সম্পদের তদন্ত চায় খুলনা বিএনপি
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৫
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী হলফনামায় দেয়া বিপুল পরিমাণ সম্পদ সম্পর্কে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে খুলনা বিএনপি। গতকাল শনিবার খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের এক জরুরি যৌথ সভায় এ দাবি জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেকের নির্বাচনী হলফনামায় দেয়া বিশাল সম্পদের বিবরণী পত্রিকায় পড়ে আমরা বিস্মিত হয়েছি। মেয়রের মতো দায়িত্বশীল, সম্মানজনক ও কর্মব্যস্ততাপূর্ণ একটি পদে থেকে নিজ দায়িত্বের বাইরে সময় বের করে বৈধ ব্যবসা করার মাধ্যমে এতো বিশাল অর্থ সম্পদের মালিক হওয়া সম্ভব কি না জনমনে এ নিয়ে অসংখ্য প্রশ্নের উদ্রেক হয়েছে। নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। বক্তৃতা করেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তুজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, এডভোকেট আব্দুল মালেক প্রমুখ।