ভিকারুন নিসা নূন স্কুল শিক্ষার্থীরা স্বাস্থ্যকেন্দ্র পেল
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৫
শিক্ষার্থীদের চিকিত্সাসেবা দিতে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুলে নির্মাণ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্র। গতকাল শনিবার প্রতিষ্ঠানের বেইলী রোডস্থ মূল ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উদ্বোধন করলেন ‘ফিরোজা আমু স্বাস্থ্য কেন্দ্র’। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর প্রয়াত স্ত্রীর নামে স্বাস্থ্য কেন্দ্রের নামকরণ করা হয়। আওয়ামী লীগের এই নেতা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে অর্থ সহায়তা দেন। স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । এছাড়া অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী আমির হোসেন আমু বিশেষ অতিথি ছিলেন। প্রতিষ্ঠান গভর্নিং বডির সভাপতি রাশেদ খান মেনন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মঞ্জু আরা বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী বলেন, এ প্রতিষ্ঠানের নিজস্ব স্বাস্থ্য কেন্দ্র থাকার ফলে ছাত্রীদের আর অন্য কোথাও যেতে হবে না। ছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ভিকারুন নিসা নূন স্কুল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। তোমাদের জন্য আজ আমরা গৌরবান্বিত। তিনি বলেন, বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার নীতিমালা রয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ শেষে অনুমোদন পায়। প্রতিষ্ঠানের নিজস্ব জমি আছে কিনা তাও দেখা হয়। সঠিকভাবে নীতিমালা মেনে প্রতিষ্ঠা করা হলে ভবিষ্যতে সমস্যা হয় না। ভবিষ্যতে অবশ্যই এ বিষয়ে সতর্ক হতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, ধানমন্ডি শাখায় প্রায় ১৮শ ছাত্রী লেখাপড়া করে। প্রতিষ্ঠানের নিজস্ব জমি-বাড়ি নেই। এই প্রতিষ্ঠানটির জন্য আমাদের অবশ্যই কিছু করতে হবে।
আমির হোসেন আমু বলেন, আমরা জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করি। তিনি বলেন, ১৯৯৬ সালে এই প্রতিষ্ঠানের তদানীন্তন চেয়ারম্যান একটি স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের জন্য আমার স্ত্রীকে অনুরোধ করেছিলেন। পরে আমি দীর্ঘ সময় স্ত্রীর চিকিত্সার জন্য বাইরে ছিলাম। পরবর্তীতে এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির একজন সদস্য স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ প্রয়োজন বলে আমাকে জানান। তত্কালীন অধ্যক্ষ লিখিতভাবে আমার কাছে আবেদন জানান। আমি তাতে সায় দেই।
রাশেদ খান মেনন বলেন, এটি দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে বলে তিনি জানান।
অধ্যক্ষ মঞ্জু আরা বেগম বলেন, দেশের সেরা এই প্রতিষ্ঠানে প্রায় সব ধরনের সুযোগ-সুবিধা ছিল। একটি স্বাস্থ্য কেন্দ্রের অভাব ছিল। এখন আমরা স্বাস্থ্য কেন্দ্র পেলাম। অধ্যক্ষ বলেন, এই প্রতিষ্ঠানে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য দাতার ইতিহাসে নাম লেখা থাকবে। আগে সামান্য অসুস্থ হলে ছাত্রীদের বাইরের হাসপাতালে নিয়ে যেত হতো। কিন্তু এখন আর এ বিদ্যালয়েল ছাত্রীদের বাইরের হাসপাতালে যেতে হবে না। তিনি আমির হোসেন আমুর কাছে একটি এ্যাম্বুলেন্স এবং স্বাস্থ্য কেন্দ্রের জন্য কিছু ডাক্তারি যন্ত্রপাতি ও মাসিক ভিত্তিতে ঔষধের ব্যবস্থা করে দেয়ারও অনুরোধ জানান ।
অধ্যক্ষ মঞ্জু আরা বেগম প্রতিষ্ঠানের ধানমন্ডি শাখার নানা চিত্র তুলে ধরে বলেন, এই শাখার নিজস্ব বাড়ি নেই। এটি ভিকারুন নিসা নূন স্কুলের প্রথম শাখা, অথচ এটি আজ সবচেয়ে জরাজীর্ণ। ভাড়া বাড়িতে চলছিল এই স্কুলের কার্যক্রম। বাড়ি ছাড়ার জন্য বাড়িওয়ালা চরম নোটিস দিয়েছে। সেখানে আর থাকা যাবে না। তিনি উপস্থিত শিক্ষামন্ত্রীর কাছে এই শাখার জন্য জমি বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।
ভিকারুন নিসা নূন স্কুলের এই স্বাস্থ্য কেন্দ্রটিতে একটি বেড এবং ডাক্তারের একটি কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এখানে শীঘ্রই যন্ত্রপাতি সজ্জিত করা হবে। ইতিমধ্যে একজন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। এখানে ছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা সম্ভব হবে।