এভারেস্টের চূড়ায় প্রথম সৌদি নারী

এভারেস্ট জয় করলেন রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত সৌদি আরবের এক নারী। এভারেস্ট জয়ী সবচেয়ে কম বয়সী আরব হিসেবেও ইতিহাস গড়লেন রাহা মহাররক। নেপালে শিক্ষা বিস্তারে ১০ লাখ ডলারের একটি তহবিল সংগ্রহে রাহাসহ চারজন এভারেস্ট জয়ের অভিযানে নামেন। খবর বিবিসির। রাহার সঙ্গে প্রথম ব্যক্তি হিসেবে কাতার ও ফিলিস্তিনের দুইজন এভারেস্টের চূড়ায় ওঠার চেষ্টা করেন। সৌদি আরবের জেদ্দায় জন্ম গ্রহণ করেন রাহা মহাররক। স্মাতক ডিগ্রিধারী ২৫ বছর বয়সী রাহা বর্তমানে দুবাইয়ে বাস করছেন। কট্টরপন্থী দেশ সৌদি আরবে নারীদের স্বাধীনতা খুবই সীমিত। তার দলের সহযোগীরা বলেন, এভারেস্ট জয় করতে রাহাকে অনেক পথ পাড়ি দিতে হয়েছে। তার পরিবারকে রাজি করানো ছিল এভারেস্ট জয়ের চেয়েও কঠিন। রাহা এক প্রতিক্রিয়ায় বলেন, প্রথম সৌদি নারী হিসেবে এভারেস্ট জয় আমার কাছে কোনো ব্যাপার নয়। আমার কাছে এটাই আনন্দের যে এরপর অনেকেই এভারেস্টে ওঠার চেষ্টা করবেন।