মুক্তির পর জেল গেট থেকে বিএনপির ৫৩ নেতা-কর্মী আবার গ্রেফতার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ ও ২ থেকে জামিনে মুক্তির পর বিএনপির ৫৩ নেতা-কর্মীকে জেল গেটে আবার গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায়। কারাগারসূত্র জানায়, গত শুক্রবার তাদের জামিনের আদেশ ঢাকা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে গতকাল শনিবার দুপুর দুইটার দিকে কারাগার-১ থেকে ৩৫ জন ও কারাগার-২ থেকে ১৮ জনকে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়ার পর কারাফটক দিয়ে বের হওয়ার সময় তারা পুনরায় গ্রেফতার হন। গত ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫৬ জন নেতা-কর্মীর সঙ্গে তারা গ্রেফতার হয়েছিলেন। জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোস্তফা জানান, গ্রেফতারের বিষয়টি আমিও শুনেছি। তবে ঘটনার সময় উপস্থিত ছিলাম না। স্থানীয় বিএনপির একাধিকসূত্রে জানা যায়, ফের গ্রেফতার হওয়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন প্রফেসর আবু তাহের, বিল্লাল হোসেন, মো. বশিরুল হক, মেহেদী হাসান, মো. শাহজাহান, তোজাম্মেল হক, মো. কাশেম মজুমদার, আশরাফুল ইসলাম, মুজিবুর রহমান, আব্দুল কাদির জিলানী, আজগর আলী, মো. এশাখুল ইসলাম, মো. নাসির উদ্দিন, ইমরুল কায়েস, জিয়াউল হক, মো. এ্যানী, মো. জুলফিকার আলী ভুঁইয়া, মো. আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, জুয়েল, ওমর ফারুক প্রমুখ।