মঠবাড়িয়ায় মহাসেনের আঘাতে ২ সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

গত বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মহাসেনের তান্ডবে বলেশ্বর নদ তীরবর্তী উপকূলীয় মঠবাড়িয়ায় আড়াই সহস্রাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের আঘাতে একটি পৌরসভা ও বলেশ্বর নদ তীরবর্তী উপজেলার পাঁচ ইউনিয়নসহ ১১ ইউনিয়নের প্রায় ১৬০০ হেক্টর জমির রোপণকৃত আউশ ও রবি শস্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, মহাসেনের আঘাতে পৌর শহর ও ১১ ইউনিয়নের ২শ’ কাঁচা ঘর-বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত এবং ২ হাজারের বেশি ঘর-বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে ২শ’ কিলোমিটার কাঁচা রাস্তা, খেতাছিড়া ও ভোলমারার দেড় কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এছাড়াও নিম্নাঞ্চলে ৩/৪ ফুট পানি বৃদ্ধিতে ঘের ও পুকুরের কয়েক কোটি টাকার মাছ পানিতে ভেসে যায়। এবং ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। দুই শতাধিক পরিবারের লোকজন গত তিনদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জানান, সরকারিভাবে কোন ত্রাণ না পাওয়ায় দুর্গতদের মাঝে বিতরণ করা যাচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা রসময় মন্ডল জানান, উপজেলার মিরুখালী ও দাউদখালী ইউনিয়নের নিম্নাঞ্চলে অবিরাম ভারি বর্ষণের পর পানি না নামায় জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।