প্রতীক বরাদ্দের আগেই জমে উঠেছে প্রচারণা
আনিসুজ্জামান, রাজশাহী অফিস
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৬
প্রতীক বরাদ্দের আগেই রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নগরীর প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লার অলিগলি এখন প্রার্থীদের পদচারণায় মুখরিত। রাসিক নির্বাচন ঘিরে নগরীর চায়ের স্টল ও রেস্টুরেন্টগুলোতেও আলোচনার ঝড় উঠছে। মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস চষে বেড়াচ্ছেন। দোয়া আর সমর্থন কামনা করছেন তারা। বিশেষ করে নগরী জুড়ে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের দৌড়-ঝাঁপ বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিল ও বাছাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে আপিল ও শুনানির কাজ। আগামী ২৬ মে মনোনয়ন প্রত্যাহার শেষে ২৭ মে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামে প্রতীক বরাদ্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এবারের রাসিক নির্বাচনে ছয়জন মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং মহানগর যুবদলের আহ্বায়ক মোসাদ্দেক হোসেন বুলবুলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে নগরী জুড়ে আলোচনা জমে উঠেছে। খায়রুজ্জামান লিটনের পক্ষে নাগরিক কমিটি গত ৫ বছরের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে এবং মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নাগরিক ফোরাম সাবেক মেয়র লিটনের ব্যর্থতা তুলে ধরে প্রচারের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নাগরিক কমিটির প্রার্থী লিটন
নির্বাচনে এবারও নাগরিক কমিটির প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ২০০৮ সালের নির্বাচনেও তিনি নাগরিক কমিটি সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন। মেয়র হিসেবে গত ৫ বছর খায়রুজ্জামান লিটন যেসব উন্নয়ন করেছেন, তার ফিরিস্তি তুলে ধরে এবারও তার জন্য ভোট চাইবেন নাগরিক কমিটির নেতারা।
এ ব্যাপারে নাগরিক কমিটির সদস্য সচিব ডা. সৈয়দ সাফিকুল আলম জানান, গত নির্বাচনে দেয়া প্রতিশ্রুতির যেসব বাস্তবায়িত হয়েছে তারা আগে সেগুলো তুলে ধরবেন। এর মধ্যে সরকারি সীমাবদ্ধতা থাকার পরেও নগরবাসীর জন্য গ্যাস লাইনের ব্যবস্থা করা, ১৭ কোটি টাকা ঋণ পরিশোধ করে সিটি কর্পোরেশনের কর্মচারীদের বেতন নিয়মিতকরণ উল্লেখযোগ্য। এছাড়া এবার আরো পরিচ্ছন্ন আধুনিক এক মহানগরী উপহার দেয়ার প্রতিশ্রুতি দেবেন খায়রুজ্জামান লিটন। ফলে নাগরিকরা এবারো তাদের হতাশ করবেন না বলে আশা প্রকাশ করলেন নাগরিক কমিটির এই নেতা।
লিটনের ব্যর্থতাই বুলবুলের পুঁজি
অন্যদিকে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে গতবারের পরাজিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নির্বাচনী প্রচারণায় বিদায়ী মেয়রের ব্যর্থতাকেই নাগরিক ফোরাম ও বিএনপি পুঁজি করবে বলে দলীয় সূত্রে জানা গেছে। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নানা ক্ষেত্রে ব্যর্থতাকেও সামনে তুলে ভোটারদের কাছে টানার চেষ্টা করবে তারা।