নিখোঁজ সাক্ষী সুখরঞ্জন বালি স্বেচ্ছায় ভারত গেছেন
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৭
নিখোঁজ সাক্ষী সুখরঞ্জন বালি এখন ভারতে বন্দী। বাংলাদেশের একটি যুদ্ধাপরাধ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালি ভারতে ধরা পড়ার পর ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীকে বলেছিলেন, তিনি তার ভাই পরিতোষ বালির সঙ্গে সাক্ষাতের জন্য সেখানে গেছেন। সুখরঞ্জন বালির বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগ এবং মামলার রায় সংক্রান্ত আদালতের নথিপত্র বিবিসি বাংলার হাতে এসেছে। এতে দেখা যাচ্ছে, তিনিভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ স্বেচ্ছায় স্বীকার করে নিয়েছেন।
সুখরঞ্জন বালি পশ্চিমবঙ্গের এক কারাগারে আছেন, এ খবর প্রথম প্রকাশ করে ঢাকার একটি ইংরেজি পত্রিকা। সেই খবরের সূত্র ধরে অনুসন্ধান করে খবরের সত্যতা প্রমাণিত হয়, তবে মি. বালি কীভাবে ভারতে গেলেন ভারতীয় কর্তৃপক্ষ তার সম্পর্কে কতটুকু ওয়াকিবহাল, সেগুলো অস্পষ্ট রয়ে যায়।
সুখরঞ্জন বালি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি গত বছরের ৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিখোঁজ হয়ে যান।
সাঈদীর আইনজীবীরা তখন অভিযোগ করেছিলেন যে তাকে সরকারের নিরাপত্তা বাহিনীর লোকজন অপহরণ করে নিয়ে গেছে। তবে রাষ্ট্রপক্ষ তখন এই অভিযোগ অস্বীকার করেছিল।
বৃহস্পতিবার দ্য নিউ এজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, তাদের হয়ে একজন ভারতীয় নাগরিক কারাগারে সুখরঞ্জন বালির বক্তব্য নেন, যেখানে বালি বলেন যে তাকে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ অপহরণ করে এবং পরবর্তীতে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-এর কাছে তুলে দেয়। তবে পশ্চিমবঙ্গের বশিরহাটের স্বরূপনগর থানায় সুখরঞ্জন বালির বিরুদ্ধে যে এফআইআর দাখিল করা হয়, তার কোথাও এমন কথা উল্লেখ নেই যে তাকে কেউ অপহরণ করেছিলেন বা বাংলাদেশের কর্তৃপক্ষ তাকে ভারতের হাতে তুলে দিয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ গরগনা জেলার স্বরূপনগর থানায় সুখরঞ্জন বালির বিরুদ্ধে অভিযোগপত্রটি দাখিল করেন বিএসএফ-এর ১৫২ নম্বর ব্যাটালিয়নের এ কোম্পানির অধিনায়ক বিপি সিং। এতে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিক সুখরঞ্জন বালি আমুদিয়া সীমান্ত চৌকির কাছে সন্দেহজনকভাবে ঘুরছিলেন। তখন বিএসএফ তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। কিন্তু পরে ধরা পড়ে যান।
জিজ্ঞাসাবাদের জবাবে সুখরঞ্জন বিএসএফের কাছে স্বীকার করেন যে তিনি বনগাঁও তার বড় ভাই পরিতোষ বালির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসেছেন। এই মামলায় আদালত সুখরঞ্জন বালিকে ভারতের বিদেশি আইনে দোষী সাব্যস্ত করে ১০৫ দিনের কারাবাস ও ৫০০ টাকা জরিমানা করে।
সুখরঞ্জন বালির কারাবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। জেলের মেয়াদ শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়ারও আদেশ দিয়েছে আদালত। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সুখরঞ্জন বালি শুরুতে ছিলেন রাষ্ট্রপক্ষের পক্ষের সাক্ষী। কিন্তু পরে তিনি পক্ষ পরিবর্তন করে সাঈদীর পক্ষে সাক্ষী হতে রাজি হন বলে বিবাদী পক্ষের আইনজীবীরা জানান।
অবৈধভাবে ভারতে ঢোকার দায়ে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগর এলাকায় ভারত-ভাংলাদেশ সীমান্ত থেকে ২৩ ডিসেম্বর রাতে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ।
বসিরহাট আদালতের নথি ঘেঁটে সেখানকার আইনজীবী মোশারফ হোসেন জানিয়েছেন যে বিএসএফ ওই ব্যক্তিকে স্বরূপনগর থানার হাতে তুলে দেয়। পরের দিন, অর্থাত্ ২৬ ডিসেম্বর তাকে আদালতে পেশ করা হয় অবৈধভাবে ভারতের সীমানা অতিক্রম করার অভিযোগে।
বাংলাদেশের দৈনিকটিতে বলা হয়েছে যে, মি. বালি জেলে থাকা অবস্থাতেই একজন লোকের মাধ্যমে তিনি তার ভাষায় অপহূত হবার ঘটনা নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন এবং সেটা পত্রিকাটি পেয়েছে।
তবে পশ্চিমবঙ্গের কারা বিভাগের প্রধান রণভীর কুমার বিবিসিকে বলেন যে, জেলে থাকা কোনও বাংলাদেশি বন্দীর সঙ্গে দেখা করে তার বিবৃতি নেয়া এবং সেই বিবৃতি কোনও বিদেশি কাগজের হাতে পৌঁছিয়ে যাওয়াটা প্রায় অসম্ভব।
মি. কুমার বলেন, বন্দীর কোনও আত্মীয়ও যদি আসেন, তাহলে সেই সাক্ষাত্প্রার্থীর পাসপোর্ট-ভিসা পরীক্ষা করে নেয়া হয়। আমি তখন আরও একটু খোঁজখবর করি এবং গোয়েন্দা সূত্রে জানতে পারি যে দমদম জেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই মি. বালিকে জেরা করেছে এবং মি. বালি জেলের আধিকারিকদের জানিয়েছেন তিনি নিজেই অর্থের লোভ দেখিয়ে এক জেলরক্ষীকে দিয়ে ওই বিবৃতি বাইরে পাঠিয়েছিলেন।
ঐ সূত্রের ভাষ্য অনুযায়ী, তিনি নাকি ওই জেলরক্ষীকে বলেছিলেন যে তার বক্তব্য নিজের দেশে, অর্থাত্ বাংলাদেশে পৌঁছিয়ে দেয়া দরকার। ভারত-বাংলাদেশ সীমান্তে এক চোরাচালানকারীর সঙ্গে দেখা করতে বলেন মি. বালি।
গোয়েন্দা সূত্রগুলো আরও জানিয়েছে যে মি. বালির কথা মতো ওই জেলরক্ষী বিবৃতিটি নিয়ে সীমান্তে যান এবং বলে দেয়া চোরাচালানকারীর হাতে সেটি তুলে দেন। প্রতিশ্রুতিমতো টাকাও তিনি পেয়ে যান।
ওই জেলরক্ষীর নাম জানা যায়নি, কিন্তু তাকে জেল কর্তৃপক্ষ চিহ্নিত করতে পেরেছে আর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।