অনেকদিনই হলো মাগো
দাও না চিঠি তুমি,
গড়েছ কি তোমার বুকে
স্নেহের বধ্যভূমি।
আমি তোমার স্নেহের কাঙাল
গেছ কি তা ভুলে,
সকল কাজের অবসরে
অতীত দেখ খুলে।
পাশের বাড়ির পুকুরঘাটে
যখন যেতে তুমি,
তখন আমি সঙ্গে যেতাম
তোমার আঁচল চুমি।
চোখের আড়াল হলে তুমি
ঝরত চোখে কান্না,
আমার কাছে তুমি মাগো
হিরে চুনি পান্না।
গভীর রাতে উছলে ওঠে
চোখের মরা নদী,
উঠবে কেঁদে বুকটা তোমার
দেখতে আসো যদি।