যুক্তরাষ্ট্রে দুই কমিউটার ট্রেন সংঘর্ষে আহত ৬০
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:২৯
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যে দুটি কমিউটার ট্রেনের সংঘর্ষে ৬০ জন আহত হয়েছে। নিউইয়র্ক সিটির কাছে শুক্রবার সন্ধ্যায় ব্যস্ত সময় চলাকালে এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। ওই দুই ট্রেনে কমপক্ষে ২৫০ জন যাত্রী ছিল। খবর এনডিটিভি এএফপির।
পুলিশ জানিয়েছে, আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউইয়র্ক থেকে পূর্ব দিকে যাত্রা করা একটি ট্রেন লাইনচ্যুত হলে পশ্চিম দিকে আসা আরেকটি ট্রেন সেটিকে ধাক্কা দেয়। ট্রেন দুটির সংঘর্ষের পরে নিউইয়র্ক ও বোস্টনের মধ্যে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। কানেকটিকাটের গভর্নর ডানেল ম্যালয় টুইটার বার্তায় বলেন, এ দুর্ঘটনায় আহত ৬০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি জানান, এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি আরো জানান, সংঘর্ষে একটি ট্রেনের সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। তদন্ত কর্মকর্তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন।