যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শামীম শেখ (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের মামা দোলোয়ার হোসেন (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামীম শরীয়তপুরের নড়িয়া উপজেলার সেলিম শেখের ছেলে। তিনি গুলশানে মোটরগাড়ির শো-রুমে কাজ করতেন। হাসপাতালে চিকিত্সাধীন নিহতের মামা দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, রাতে মামা-ভাগ্নে মিলে মোটরসাইকেলে করে চিটাগাং রোড সানারপাড়ে এক আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে যাই। ফিরে আসার পথে রাত ১০টার দিকে যাত্রাবাড়ী কলাতলী এলাকায় পৌঁছলে পেছন থেকে ট্রাক আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। মোটরসাইকেলের পিছনে থাকা শামীম গুরুতর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে দায়িত্বরত চিকিত্সক শামীমকে মৃত ঘোষণা করেন।