আশুলিয়ায় গীলডেন শাহরিয়া ফ্যাব্রিক্সে বিক্ষোভ
প্রকাশ : ১৮ মে ২০১৩, ২২:৩০
আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় গীলডেন শাহরিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা গতকাল শনিবার সকালে শ্রমিক ছাঁটাই বন্ধ ও দুইজন কর্মকর্তা অপসারণের দাবিতে কারখানার বাইরে বিক্ষোভ মিছিল করে। রাকিব, মনোয়ার, ফরহাদসহ ছাঁটাইকৃত শ্রমিকরা অভিযোগ করেছেন, গত বৃহস্পতিবার ওই কারখানা থেকে ২৫জন শ্রমিককে ছাঁটাই করা হয়। কাজ করার সময় ২৫জন শ্রমিককে এক এক করে ডেকে নেয়া হয়। এরপর দুইজন বহিরাগত অস্ত্রধারী দিয়ে ভয় দেখিয়ে স্বাক্ষর আদায় করে তাদের ছাঁটাই করা হয়। তাদের কোন পাওনাও দেয়া হয়নি। এই ঘটনা ছড়িয়ে পড়লে গত বৃহস্পতিবারও কারখানায় গোলযোগ হয়। এ ব্যাপারে সার্কেল এএসপি শেখ রাসেল বলেন, ওই কারখানার শ্রমিকরা যেহেতু আন্দোলন করছে, সেখানে অবশ্যই ব্যবস্থাপনার কোন দুর্বলতা আছে। অস্ত্রের মুখে জিম্মি করে শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাটি তদন্ত করে দেখো হবে বলে তিনি জানান।