গফরগাঁওয়ে আন্তঃনগর ট্রেনে জিআরপি এসআইকে কুপিয়ে গুরুতর জখম

ময়মনসিংহের গফরগাঁও রেলষ্টেশনে ট্রেনের মধ্যে ফেলে ময়মনসিংহ রেলওয়ে থানায় কর্মরত পুলিশের এসআই মনোয়ার হোসেনকে (৪৫) কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। এসআই মনোয়ার হোসেন গফরগাঁও রেলষ্টেশনে ‘আন্তঃনগর ব্রহ্মপুত্র’ ট্রেনে আগুন দেয়ার মামলার তদন্তকারী কর্মকর্তা। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ শুক্রবার রাতে পৌরশহরের শিলাসী এলাকা থেকে হূদয় (১৮), শহিদ (১৯), জনি (২২), নাঈম (২৫) নামে ৪ ছাত্রলীগ কর্মীকে আটক করে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন তার কর্মস্থল ময়মনসিংহে যাচ্ছিলেন। ট্রেনের প্রথম শ্রেণীর কামরায় টিকেট নিয়ে গফরগাঁওয়ের কয়েকজন যাত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার রাত ৮টার দিকে গফরগাঁও রেলষ্টেশনে ট্রেনটি থামলে ৮/১০ জনের দুর্বৃত্ত ট্রেনের মধ্যে সশস্ত্র হামলা চালিয়ে দারোগা মনোয়ার হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করে। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত ডাক্তার মনিরুল ইসলাম জানান, মনোয়ার হোসেনের পিঠে, পায়ে, হাঁটুতে ও পেটের ডানপাশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এসআই মনোয়ার পুলিশ পাহারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনার পর গফরগাঁও রেলষ্টেশনের জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল-আমিনসহ কর্তব্যরত কনষ্টেবলরা ফাঁড়ি ছেড়ে চলে যান। আহত এসআই মনোয়ার জানান, বিমানবন্দর ষ্টেশন থেকে ট্রেনটি ছেড়ে আসার পর পরই গফরগাঁওয়ের টিপু নামে এক ব্যক্তির সাথে সিট নিয়ে তর্ক হয়। সে ফোন করে সন্ত্রাসীদের গফরগাঁও ষ্টেশনে আসতে বলে। এ সন্ত্রাসীরাই গফরগাঁও ষ্টেশনে ট্রেনটি থামার পর পরই আমার উপর হামলা চালায়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার জানান, এসআই মনোয়ার হোসেন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় ১৪ জনকে আসামি করে মামলা করেছেন। শুক্রবার রাতে আটক হূদয়, শহীদ, জনি ও নাঈমকে এ মামলায় আসামি করা হয়েছে। গত ৭ মার্চ গফরগাঁও রেলষ্টেশনে ট্রেনে অগ্নিসংযোগের মামলায় তাদেরকে আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।