কান উত্সবে তারকাদের অলংকার চুরি!
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:৩৩
এমা ওয়াটসনের নতুন ছবি ‘দ্য ব্লিং রিং’ সাড়া ফেলেছে কান উত্সবে। তারকাদের পোশাকসহ বিভিন্ন ব্যবহূত দ্রব্যে আসক্ত কিছু কিশোরীদের চুরির বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি করা এই ছবির প্রদর্শনীর পরই যে কান উত্সবে বাস্তবে এক বিশাল চুরির ঘটনা ঘটবে, তা বোধহয় কল্পনাতেও ছিল না কারও। ‘দ্য ব্লিং রিং’-এর প্রদর্শনীর ঘণ্টাখানেক পরেই খবর আসে, কানে আগত মডেল-অভিনেত্রীদের সাজাতে যে অলংকার নিয়ে আসা হয়েছিল তা চুরি গেছে। সুইজারল্যান্ডের বিখ্যাত অলংকার নির্মাতা চপার্ডের তৈরি এই স্বর্ণালংকারগুলোর মূল্যমান প্রায় ১ মিলিয়ন ডলার! সিন্ডি ক্রফোর্ড, কারা ডেলিভিঞ্জের মতো তারকারা ইতোমধ্যেই চপার্ডের অলংকার পড়ে পা রেখেছেন কানের রেড কার্পেটে। আরও যাদের চপার্ডের অলংকারে সজ্জিত হওয়ার কথা ছিল, তাদের জন্য এর চাইতে খারাপ খবর আর কী হতে পারে? ফ্রান্স পুলিশ জানিয়েছে, হোটেল নভোটেলের তৃতীয় তলার একটি রুমে রাত আড়াইটার দিকে হামলা চালায় চোর এবং ওই রুমে থাকা অলংকারগুলো চুরি করে নিয়ে যায়। ওই রুমে থাকতেন চপার্ডেরই এক কর্মী। চুরির এই ঘটনায় তাত্ক্ষণিকভাবে কারও দিকে সন্দেহের তীর ছুঁড়তে পারেনি পুলিশ। ওই রুমের আশেপাশে থাকা সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও থেকে এই চুরির সাথে সংশ্লিষ্টদের শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানায় তারা। এ ছাড়া এত বড় একটি চুরির ঘটনায় ভেতরের কারও ইন্ধন রয়েছে কি না, সে বিষয়টিও তারা খতিয়ে দেখছে বলেই জানায়। কান উত্সবের মতো একটি বিশাল আয়োজনে এই রকম একটি ঘটনায় তারা নিজেরাও অত্যন্ত হতবাক বলেই জানিয়েছে।