জুট লাইফ স্টাইল
সোনালী আঁশের স্বর্ণ সম্ভাবনা
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:৩৭
‘জুট লাইফ স্টাইল এক্সপো ২০১৩’ শীর্ষক প্রদর্শনীটি উদ্বোধন হলো ধানমন্ডিস্থ রবীন্দ্র সরোবর মঞ্চে ১০ মে। ঢাকা আর্ট সেন্টার গ্যালারিতে প্রদর্শিত হলো তিন দিনব্যাপী এক সম্ভাবনাময় প্রদর্শনী। ট্রেড ক্রাফট, বিএফ ইউ ইন ট্রেড-এর যৌথ উদ্যোগে পাট শিল্পের উন্নয়নে এই প্রয়াস। ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ একটি ব্রিটিশ দাতব্য সংস্থা। দরিদ্র জনগোষ্ঠীর উন্নতি সাধনের লক্ষ্যে বাণিজ্যের বিভিন্ন ধারাকে ট্রেড ক্রাফট প্রমোট করে থাকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এস.কে সুর চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোখলেসুর রহমান, ট্রেড ক্র্যাফটস-এর কান্ট্রি ডিরেক্টর শাহেদ ফেরদৌস, তরঙ্গ ক্র্যাফটস-এর সি.ই ও কোহিনূর ইয়াসমিন ও জুট লাইফ স্টাইল এক্সপো’ ২০১৩-এর প্রকল্প ডিজাইনার স্বনামধন্য ডিজাইনার ও কনসালটেন্ট শ্রী চন্দ্র শেখর সাহা। প্রাকৃতিক তন্তু যা বর্তমান পৃথিবীতে লাইফ স্টাইল পণ্য তৈরিতে ব্যবহূত হচ্ছে ‘পাট’ হচ্ছে তার অন্যতম। পরিবেশ বন্ধুত্ব রক্ষা করে শতভাগ প্রকৃতিগত ফাইবার উত্পন্ন হয় পাটে। পাটের স্বর্ণযুগের কথা অজানা নয়। বাংলাদেশের অর্থনীতিতে এর ভূমিকা ছিল অপার। যে কারণে একে সোনালী আঁঁশ বলা হতো। নব্বই দশকের পর পাট শিল্পের উন্নয়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ না করার জন্য এই স্বর্ণতুল্য শিল্পটি আজ বিলুপ্তির মুখে।
পৃথিবীর অল্প কয়েকটি দেশে পাট উত্পন্ন হয়। বাংলাদেশ তার মধ্যে অন্যতম। পরিবেশবান্ধব বিশেষ বৈশিষ্ট্যটির জন্য বিশ্ব জুড়ে ভোক্তা শ্রেণীর কাছে পাটজাত পণ্য অত্যন্ত জনপ্রিয়। যার কারণ বিশ্বের বিভিন্ন দেশ বহুমুখী পাটজাত পণ্য উত্পাদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এর সাথে সম্পৃক্ত হয়েছেন উন্নয়নমূলক প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও ও দাতা গোষ্ঠী। ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ট্রেড ক্র্যাফট ও তরঙ্গের উদ্যোগে প্রায় ৩০ জন এস.এম.ই-এর আন্তরিক প্রচেষ্টায় বৈচিত্র্যময় আঙ্গিকে আগামী সময়ের ভোক্তাদের জন্য কিছু পাটজাত পণ্য প্রদর্শনের এই আয়োজন। এস.এম.ইদের নিজস্ব ধারণায় বাজারমুখী আধুনিক দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে কিভাবে নতুন ধরনের পণ্য তৈরির পরিকল্পনা সম্ভব, এই বিষয়টি ছিল প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। উপকরণের বহুবিধ ব্যবহার, কৌশলগত প্রযুক্তি, দক্ষতার সঠিক প্রয়োগ, সৃজনশীল ভাবনার বহুমুখিতা ও ক্রেতার সম্ভাব্য আগ্রহ ইত্যাদি বিষয়গুলো ছিল কনসেপচুয়াল ডিজাইন ডেভেলপমেন্টের অন্যতম শর্ত।
পাটপণ্যের ঐতিহ্য ও অর্থনৈতিক জাগরণের পুনরুদ্ধার ও বহির্বিশ্বে এর প্রয়োজনকে মনে রেখে সেভাবেই নেতৃত্ব দিয়েছেন বরেণ্য ডিজাইনার চন্দ্র শেখর সাহা।
আর তিনি বলেন, পাটজাত পণ্য খুবই সুলভমূল্যে পাওয়া যায় যে চিরাচরিত ধারণা সেটা কিন্তু ঠিক নয়। পাট উত্পন্ন থেকে শুরু করে পণ্য প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত এর খরচ কিন্তু অনেক। সবচাইতে উল্লেখযোগ্য কথা হচ্ছে এটি একটি সম্ভাবনাময়, পরিবেশবান্ধব শিল্পখাত। অতঃপর এর পণ্যের নকশা ও সৌন্দর্য বিশ্বময় সমাদৃত। বাংলাদেশ এই শিল্পখাতটি নিয়ে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। উল্লেখ্য, যে প্রকল্পটিতে কাজ করেছেন বহু দক্ষ নারী শ্রমিক। যা শিল্পখাতে নারী শ্রমিকের কর্মসংস্থান বাড়াবে।
প্রদর্শনীতে দেখা যায়, পাটের ব্যাগ, ল্যাম্পশেড, কলমদানী, মানিব্যাগ, জুতা, ফটোফ্রেম, কার্ড, চাবির রিং, বিভিন্ন ধরনের বক্স, গহনা, শো পিস, অর্নামেন্ট বক্স এর মনোহরী সমাহার এবং আন্তর্জাতিক মানের ডিজাইন উত্কর্ষতা। পাট পণ্যের ঐতিহ্য ও অর্থনৈতিক উত্কর্ষতা যদি পুনরুজ্জীবিত হয় তবে তা বাংলাদেশের প্রেক্ষিতে হবে এক সম্ভাবনাময় স্বর্ণখাত! নিঃসন্দেহে উদ্যোক্তাদের উদ্যোগ দেশীয় অর্থনীতির অবকাঠামোতে আবারও সোনালী আঁশের ঐতিহ্যকে ফিরিয়ে আনবে বলে আশা করা যায়।