নতুন ধানে নতুন স্বপ্ন
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২০:৫৮
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিভিন্ন এলাকার দিগন্ত জুড়ে এখন সোনালী বোরো ধানের অপরূপ সমারোহ। কৃষকদের চোখে সমৃদ্ধ আগামীর স্বপ্ন। পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। তবে হাট-বাজারে ধানের দাম কম থাকায় এবং ধান কাটা শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কৃষকরা পড়েছেন বিপাকে।
গত শনিবার মির্জাপুর উপজেলার উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকার কয়েকটি গ্রামে গিয়ে দেখা গেছে, ক্ষেতের পর ক্ষেত বোরো ধানে পাক ধরেছে। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন ক্ষেত থেকে ধান কেটে বাড়িতে নিতে। আর কৃষাণ-কৃষাণীরা বাড়ির উঠানে সেই ধান মাড়াইয়ে ব্যস্ত। তাদের যেন দম ফেলার ফুরসত্ নেই।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর মির্জাপুরে বোরো আবাদ হয়েছে ২০ হাজার ২০০শ’ হেক্টর জমিতে। উত্পাদন হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। উপজেলার মহেড়া, জামুর্কী, ফতেপুর, ভাতগ্রাম, বানাইল, আনাইতারা, ওয়ার্শী, বহুরিয়া, ভাওড়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নে বোরো চাষ হয়েছে। তবে পাহাড়ি এলাকা গোড়াই, আজাগানা, তরফপুর, লতিফপুর ও বাঁশতৈল ইউনিয়নে এ বছর ধানের ফলন বেশি ভালো হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় বোরোর ফলন ভাল হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষকরা এবছর অতি আগ্রহ নিয়ে বোরো ধান চাষ করলেও হাট-বাজারে বর্তমানে এক মণ ধানের দাম ৫৫০ টাকা থেকে ৬শ’ টাকা হওয়ায় তারা অনেকটাই হতাশ। এ দামে ধান বেচলে উত্পাদন খরচও উঠবে না বলে জানান তারা। অপরদিকে সরকারিভাবে ধান কেনা শুরু না হওয়ায় আরও বেশি বিপাকে পড়েছেন কৃষকরা।