গণতান্ত্রিক দেশগুলোর মতোই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে : নাসিম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও আগামী নির্বাচন সেভাবেই অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ বিভিন্ন গণতান্ত্রিক দেশের নির্বাচনের দৃষ্টান্ত উল্লে¬খ করে তিনি বলেন, কোন অনির্বাচিত মহলের হাতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তর করবে না। বিরোধী দলীয় নেত্রী অতীত থেকে শিক্ষা নিতে পারেননি, তাই তিনি এখনও তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য নানা পাঁয়তারা করছেন। শনিবার সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম আরো বলেন, দেশে বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেবে।