জামালপুরে একের পর এক লোপাট হচ্ছে সরকারি সম্পদ
প্রকাশ : ১৯ মে ২০১৩, ২১:৩৩
উপজেলার যমুনা তীরবর্তী পার্থশী, কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া সাপধরী ও চিনাডুলী ইউনিয়নগুলোতে সমানে চলছে সরকারি সম্পদ লোপাট। যেন দেখার কেউ নেই। এসব ইউনিয়নের সরকারিভাবে নির্মিত কোটি কোটি টাকা মূল্যের বিশাল আকৃতির ব্রিজ, কালভার্ট, নদীতে বিলীন হওয়ার পূর্বেই এলাকার প্রভাবশালী চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, প্রভাবশালী ব্যক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি/প্রধান শিক্ষকগণ সরকারি সম্পদ গচ্ছিত রাখার কথা বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে দিনের পর দিন লোপাট করে যাচ্ছেন এসব সম্পদ। অথচ যেন দেখার কেউ নেই।
বিগত ২০১০ সালে প্রায় ২কোটি টাকা মূল্যের কুলকান্দি আটিয়ামারী দু’টি ব্রিজের রড তত্কালীন ওই ইউনিয়নের চেয়ারম্যনের যোগসাজশে প্রভাবশালীরা আত্মসাত্ করে। পার্থশী ইউনিয়নের মরাডুবী থেকে আটিয়ামারীর ব্রিজের উত্তর প্রান্ত পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার পাকা রাস্তার প্রায় ৩ কোটি টাকা মূল্যের ইট এবং ইটের খোঁয়াসহ ৩শতাধিক একাশি,মেহগনি, অর্জন গাছ তত্কালীন এবং বর্তমান চেয়ারম্যান হাসমত আলী খানের নেতৃত্বে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছিল। কিন্তু পরবর্তিতে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে সম্পূর্ণ সরকারি সম্পদ আত্মসাত্ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ খাতে কোন অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। তিনি আরো জানান, সরকারি সম্পদ রক্ষায় তিনি জেলা সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করে প্রশাসনের পক্ষ থেকে কখনোই সদুত্তর পাননি।
এদিকে চিনাডুলী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতল ভবনটি গত বছর বন্যার মৌসুমে যমুনার ভাঙ্গনের কবলে পড়ে। সেখান থেকেও কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখাগেছে স্বাস্থ্য কেন্দ্রটির একটি অংশ নদীতে বিলীন হয়েছে। অবশিষ্ট সম্পূর্ণ বিল্ডিং ভেঙ্গে মূল্যবান রড, ইট ভটভটি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অজানার উদ্দেশ্যে। উপজেলা স্থাস্থ্য কর্মকর্তা সামছুজামানের কাছে সরকারি সম্পদ লোপাটে বিষয় কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে ইসলামপুর থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।